সালাত/নামায

২৩৯. বিমান, বাস বা ট্রেনে নামায আদায় করার বিধান সম্পর্কে

☞ প্রশ্ন

হযরত মুফতী সাহেব!

বিমানে, বাসে বা ট্রেনে নামায আদায় করার বিধান কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো!

প্রশ্নকারী: হাফেজ মাওলানা শাব্বির আহমাদ, ফেইসবুক থেকে।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

চলন্ত বিমান, বাস ও ট্রেনে নামায আদায় করার নিয়ম হলো, কিবলা ঠিক রেখে দাঁড়িয়ে রুকু-সিজদার সাথে নামায আদায় করা সম্ভব হলে ফরয নামায আদায় করে নেবে। নামাযের মধ্যে বাহন ঘুরে গেলে নামাযীও কিবলার দিকে ঘুরে যাবে। এভাবে নামায আদায় করতে পারলে পরবর্তীতে এ নামায আর কাযা পড়তে হবে না। কিন্তু দাঁড়িয়ে নামায আদায় করা কষ্টসাধ্য বা অসম্ভব হলে, বসে বা যেভাবে সম্ভব হয়, সেভাবেই নামায আদায় করে নেবে। অবশ্য পরবর্তীতে এ নামায কাযা পড়ে নিতে হবে।

আর বাসে যেহেতু দাঁড়িয়ে যথাযথভাবে নামায আদায় করা সম্ভব হয় না, তাই কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই বাস থেকে নেমে নামায আদায় করতে হবে। কিন্তু দূরদূরান্তের সফরে যেখানে পথিমধ্যে বাস থেকে নামাযের জন্য নেমে গেলে অসুবিধায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা বাস তার জন্য অপেক্ষা করতেও প্রস্তুত নয়, ইত্যাদি সমস্যার কারণে সম্ভব হলে, দুদিকের সিটের মাঝে কিবলামুখী হয়ে রুকু-সিজদাসহ পূর্ণাঙ্গরূপেই নামায আদায় করতে হবে।

আর যদি দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনো কিছুতে হেলান দিয়ে বা হাতে ধরেও দাঁড়ানো যাবে এবং প্রয়োজনে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা বা রুকু অবস্থায় হাঁটুতে হাত রাখা না গেলেও কোনো অসুবিধা নেই।

আর যদি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পূর্ণরূপে রুকু-সিজদা করা না যায়, যেমন গাড়ি দক্ষিণমুখী বা উত্তরমুখী হয়, তাহলেও কিবলামুখী দাঁড়িয়ে নামায আদায় করবে এবং যথারীতি রুকু করে সিজদার সময় পেছনের সিটে বসে সামনের সিটে সিজদা করবে। এক্ষেত্রে সামনের সিটে সিজদার সুযোগ না থাকলে বসে ইশারায় সিজদা করবে। আর যদি পেছনের সিটে বসার সুযোগ না থাকে, তাহলে শুরু থেকেই পুরো নামায নিজের সিটে কিবলামুখী বসে, ইশারায় রুকু-সিজদা করে আদায় করবে। এ ছাড়া যদি কিবলামুখী হওয়া বা দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে যেভাবে সম্ভব হয়, সেভাবেই নামায আদায় করে নেবে।

আর যে সকল অবস্থায় দাঁড়ানো বা কিবলামুখী হওয়া সম্ভব না হয়, সে সকল অবস্থার নামায পুনরায় পরবর্তীতে কাযা পড়ে নিতে হবে।

এমনিভাবে যানবাহনে যদি পানি না থাকে, তাহলে তায়াম্মুম করে নামায আদায় করে নেবে। তবে এই নামায পরবর্তীতে পুনরায় দোহরাতে হবে না।

আর যদি তায়াম্মুম করারও সুযোগ না থাকে, তবে ওযু ও তায়াম্মুম ব্যতীতই ইশারায় নামায আদায় করে নেবে। অবশ্য পরে এই নামায কাযা পড়ে নিতে হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফাতাওয়ায়ে শামী ২/৪৯১ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী ১/১৪৪ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে মাহমুদিয়া ১১/৬০৮ পৃষ্ঠা।

৪. ইমদাদুল ফতোয়া ১/৫২৪-৭২ পৃষ্ঠা।

৫. আহসানুল ফতোয়া ৪/৮৮ পৃষ্ঠা।

৬. আদ-দুররুল মুখতার ১/৫৬৩ পৃষ্ঠা।

৭. বেহেশতী জেওর ২/২৪০ পৃষ্ঠা।

৮. আল-হিদায়া ১/১৪৫ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button