তালাক ডিভোর্স

২২৯. তালাক কি ও কেন?

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

তালাক কি ও কেন? ইসলাম কখন তালাক দিতে বলে?

কুরআন-সুন্নাহর দলিলসহ জানালে খুশি ও কৃতজ্ঞ হবো! বিনিময়ে আল্লাহর কাছে আপনার জন্য জান্নাত কামনা করছি!

প্রশ্নকারী: আলেমা তানিয়া তাবাসসুম সিলমি, অধ্যক্ষ, জামিয়া দ্বীনিয়া মহিলা মাদরাসা, বগুড়া, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

তালাক শব্দের অর্থ হলো ‘বিচ্ছিন্ন’, ত্যাগ ইত্যাদি। ইসলাম ধর্মে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয়।

স্বামী সর্বাবস্থায় তালাক দিতে পারেন। কিন্তু স্ত্রী শুধুমাত্র তখনই তালাক দিতে পারবেন, যদি বিয়ের সময় এর লিখিত অনুমতি দেওয়া হয়। হাদীস শরীফে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

আল্লাহ তায়ালার নিকট জায়েয কাজের মধ্যে অত্যন্ত অপছনীয় একটি কাজ হচ্ছে তালাক। (আবু দাউদ ২১৭৪)

আল্লাহ তায়ালা ইসলাম ধর্মকে আমাদের জীবন বিধান হিসেবে নির্বাচন করেছেন, আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিরসনের জন্য, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। সেই শান্তি ও সুন্দরময় জীবন যাপনের জন্যই ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিবাহ মানুষের দ্বীনের অর্ধেক পূর্ণ করে। আর বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। (মিশকাত ২৬৮ পৃষ্ঠা)

তাই পাপ-পঙ্কিলতা থেকে বেঁচে থাকতে নারী-পুরুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সুখের জীবনের সূচনা করে। শুরু হয় তাদের মধ্যে প্রেম-প্রীতি, ভালোবাসা, করুণা, সহমর্মিতা, দয়া। তারা উভয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। বিপদে-আপদে একে অপরকে আশ্রয় দেয়। মহান আল্লাহ বলেন: তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। (সূরা বাকারা: ১৮৭)

তিনিই এই স্বামী-স্ত্রীর মাঝে সৃষ্টি করেছেন শান্তি ও ভালোবাসা। মহান আল্লাহ বলেন: তার এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে থেকে সুকুন লাভ করতে পার এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (সূরা আর-রূম: ২১)

তাহলে বোঝা যাচ্ছে, বিয়ের পর পরস্পরে ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। এরপরেও মহান আল্লাহ তালাকের মতো একটি অপছনীয় কাজের সুযোগ রেখেছেন আমাদের কষ্টের কথা বিবেচনা করেই। মহান আল্লাহ বলেন: যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কাহারোই কোনো পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম। (সূরা বাকারা: ২২৯)

অর্থাৎ যদি স্বামী দেখে যে, তার স্ত্রীকে নিয়ে আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে পারছে না, অর্থাৎ স্ত্রী বেহায়া, বেপর্দা, বেদ্বীন, বেনামাযি অথবা তার চরিত্র খারাপ ইত্যাদি পাপে লিপ্ত থাকলে, যখন স্বামী দেখবে এর সাথে সংসার করা কষ্টকর হয়ে যাচ্ছে, তখন এই কষ্ট থেকে পরিত্রাণের উপায় হিসেবে আল্লাহ তায়ালা কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। কেননা এই স্ত্রীর কারণে স্বামী জাহান্নামি হয়ে যেতে পারে। ঐ স্ত্রীর দায়ভার আল্লাহ স্বামীর উপর দিয়েছেন। স্বামীর অধীনে থাকা অবস্থায় স্ত্রী যত পাপ করবে, ঐ সমস্ত পাপের জবাব কিয়ামতের মাঠে স্বামীকেও দিতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে তা পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। (বুখারী ৮৯৩, মুসলিম ১৮২৯)

তাই যদি স্ত্রী এমন হয়, তাহলেও আল্লাহ সরাসরি তালাক দিতে বলেননি। বরং কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহ বলেন: আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর, তাদের সদুপদেশ দাও! তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর! যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। (সূরা আন-নিসা: ৩৪-৩৫)

১। প্রথম ধাপ: অতএব স্ত্রীর যদি কোনো ভুল-ত্রুটি থাকে, তবে প্রথমে তাকে স্নেহ-ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাই তুমি যদি একে সোজা করতে যাও, তবে তুমি তা ভেঙে ফেলবে। তাই তুমি তার সাথে সদাচরণ কর। তাহলে তুমি তার কাছ থেকে সব কাজই আদায় করে নিতে পারবে। (বুখারী ৪৮১০, ১১) এই হাদীসে বাঁকা হাড় বলতে যা বোঝানো হয়েছে, তা হচ্ছে তাদের প্রকৃতি। অর্থাৎ তাদের প্রকৃতি একটু বাঁকা স্বভাবের। তাই তাকে জোর করে পরিবর্তন করা যাবে না; তাদের সাথে স্নেহ-ভালোবাসা দিয়ে, সদাচরণ করে বোঝাতে হবে। তবে তারা সঠিক পথে ফিরে আসবে।

২। দ্বিতীয় ধাপ: যদি স্নেহ-ভালোবাসায় কাজ না হয়, তবে তাদেরকে যুক্তি-তর্কের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করতে হবে সবচেয়ে উত্তম পন্থায়। আল্লাহ তায়ালা বলেন: আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান কর, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক কর সবচেয়ে উত্তম পন্থায়। (সূরা আন-নাহল: ১২৫)

৩। তৃতীয় ধাপ: যদি এরপরেও সে ফিরে না আসে, তবে তার সাথে শয্যা ত্যাগ করতে হবে। বেশ কয়েকদিন তার সাথে শয্যা ত্যাগের ফলে তার মনে কিছুটা ভীতির সঞ্চার হতে পারে। সে ভাবতে পারে, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিতে পারে! এই ভয়ে সে আল্লাহর বিধি-বিধানের দিকে ফিরে আসতে পারে।

৪। চতুর্থ ধাপ: যদি এতেও কাজ না হয়, তবে তাকে শিক্ষামূলক প্রহার করতে হবে। প্রহারটা শিক্ষামূলক হবে, শাস্তিমূলক নয়। তার মুখে প্রহার করা যাবে না। শরীরের স্পর্শকাতর কোনো স্থানে প্রহার করা যাবে না। প্রহারটা এমন হতে হবে, যাতে শরীরে কোনো যখম বা দাগ না পড়ে। প্রহারের সময় নিজের খেয়াল-খুশিমতো প্রহার করবে না। বরং অবশ্যই আল্লাহভীতি নিজের মধ্যে রেখে প্রহার করতে হবে। কেননা আল্লাহর নিকট এই ব্যাপারেও হিসাব দিতে হবে।

৫। পঞ্চম ধাপ: যদি এতেও কাজ না হয়, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ একটা মীমাংসার পথ বের করে দিবেন। অর্থাৎ আল্লাহ আসলে বিয়েটা টিকিয়ে রাখার প্রতি আমাদেরকে উৎসাহিত করছেন। অর্থাৎ সর্বোপরি যা বোঝা যায়, তা হচ্ছে, একজন মুসলিমের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর আদেশ-নিষেধগুলো মেনে চলে আল্লাহর তথা আমাদের মালিককে সন্তুষ্ট করে পরকালীন সুখ জান্নাত লাভ করা। তাই স্বামী-স্ত্রী যদি পরস্পরের সহায়ক হয়, তবে তারা আল্লাহর আদেশ-নিষেধগুলো সহজেই মেনে চলতে পারবে। আল্লাহর আদেশ-নিষেধ পালন করতে গিয়ে একজন হোঁচট খেলে অন্যজন তাকে টেনে তুলবে। কিন্তু স্বামী অথবা স্ত্রী যে কেউ যদি আল্লাহর আদেশ-নিষেধ পালনের ক্ষেত্রে একেবারে গাফেল হয়, তবে পরিবারের মতো একটি দল কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যাবে? কিভাবে অপরজন তার জীবনের মূল উদ্দেশ্যটা পূরণ করবে? তাই স্ত্রীর অবাধ্যতা প্রতিহত করার জন্য এতগুলো পদক্ষেপ নেয়ার পরেও যদি স্ত্রী আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে না আসে, তাহলে শেষ উপায় হিসেবে তাকে তালাক দিতে হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. সূরা বাকারা ১৮৭, ২২৯ নং আয়াত।

২. সূরা আন-নিসা ৩৪-৩৫ নং আয়াত।

৩. সূরা আন-নাহল ১২৫ নং আয়াত।

৪. সূরা আর-রূম ২১ নং আয়াত।

৫. তাফসীরে ইবনে কাসীর ৫/৩৮৬ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button