☞ প্রশ্ন
বরাবর, মুহতারাম মুফতি তাহমীদ শামী সাহেব (দা. বা.)!
সকল জাতির নিকট নবী-রাসূল প্রেরণ করা হলে পৃথিবীতে এত ধর্ম কেন? আর কোন ধর্ম শ্রেষ্ঠ? একজন হিন্দু পণ্ডিত বললেন যে, দুনিয়াতে ইসলাম ধর্মের পূর্বে হিন্দুধর্ম এসেছে। তাই হিন্দুধর্মই সঠিক! তাঁর কথা ঠিক কি না? আবার কেউ বলেন, সকল ধর্মই সঠিক।
এ বিষয়ে হযরতের নিকট কুরআনের আলোকে সঠিক সমাধান কামনা করছি!
প্রশ্নকারী: মুহাম্মাদ ইমরান হোসাইন সিদ্দিকী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, চট্টগ্রাম, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা প্রাচীনকাল থেকেই মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়াতে নবী-রাসূল প্রেরণ করেছেন। প্রথম মানুষ ও নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে এই ধারা শুরু হয়ে শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এসে শেষ হয়েছে। মানব ইতিহাসের একেবারে শুরু থেকেই আল্লাহ তায়ালা মানুষকে সত্য ধর্ম দিয়েছেন, যার মূল ছিল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। আদিকাল থেকেই এই সত্য ধর্ম ইসলাম আল্লাহ তায়ালা মানুষকে নবী-রাসূলের মাধ্যমে দিয়ে আসছেন।
আমাদের পূর্ববর্তী জাতিগুলোও মুসলিম নামেই অভিহিত হতো। (সূরা আল-ইমরান: ৫২, ৬৭; সূরা ইউসুফ: ১০১)
কিন্তু শয়তানের কুপ্ররোচনায় এবং নিজ নফসের খেয়ালের দ্বারা মানুষ যখনই আল্লাহর দেওয়া একত্ববাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়েছে, তখনই আল্লাহর সঙ্গে অন্য উপাস্য গ্রহণ করেছে কিংবা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। আর তখন আল্লাহ তায়ালা পুনরায় নবী-রাসূল পাঠিয়েছেন। যারা তাঁদেরকে মেনেছে এবং আল্লাহর বিধান মেনেছে, তারা মুক্তি পেয়েছে। আর যারা পূর্ব ধর্মেই রয়ে গেছে, তারা ধ্বংস হয়েছে। পৃথিবীতে এত ধর্ম থাকার কারণ সম্পর্কে এক কথায় বলা যায় যে, আল্লাহর দেওয়া আদি ধর্ম থেকে বিচ্যুতিই পৃথিবীতে এত ধর্ম থাকার কারণ। আল্লাহ বলেছেন: আপনার পূর্ববর্তী অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে। তাঁরা এতে সবর করেছেন। তাঁদের কাছে আমার সাহায্য পৌঁছানো পর্যন্ত তাঁরা নির্যাতিত হয়েছেন। আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। আর আপনার কাছে রাসূলদের কিছু কাহিনী পৌঁছেছে। (সূরা আল-আনআম: ৩৪)
প্রত্যেক জাতির নিকটই আল্লাহ নবী-রাসূল প্রেরণ করেছেন
আল্লাহ সব সম্প্রদায়ের নিকট রাসূল পাঠিয়েছেন। আর প্রত্যেক সম্প্রদায়ের একজন করে রাসূল রয়েছেন। (সূরা ইউনুস: ৪৭)
প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক রয়েছে। (সূরা আর-রাদ: ৭)
প্রত্যেক যুগের জন্যই একটি কিতাব ছিল। (সূরা আর-রাদ: ৩৮) অর্থাৎ প্রত্যেক সময়ের জন্য কিতাব রয়েছে। আর আমাদের সময়ের কিতাব হলো আল-কুরআন।
আমি আপনার (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি। (সূরা আল-হিজর: ১০)
আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক! অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। (সূরা আন-নাহল: ৩৬)
সূরা আল-আরাফের ৫৯ থেকে ১০০ নং আয়াতেও পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী রয়েছে। (সূরা আল-আরাফ: ৫৯-১০০)
পূর্ববর্তী জাতিগুলোর সত্য ধর্ম থেকে বিচ্যুতি
পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে কেউ কেউ আল্লাহর দেওয়া সত্য তাওহীদের পথ থেকে বারবার বিচ্যুত হয়েছে এবং আজ পর্যন্ত এমন অনেক মানুষ রয়েছে, যারা বংশপরম্পরায় এসব ভ্রান্ত পথের অনুসরণ করে। সম্প্রদায়ের সর্দাররা বলল: আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। (সূরা আল-আরাফ: ৬৬)
এইরূপে বহু মানুষ রাসূলদেরকে অস্বীকার করত। এবং অনেকে তাঁদেরকে অনুসরণ করত। কিন্তু কালের পরিক্রমায় তাঁদের শিক্ষা ভুলে গিয়ে পাপাচারে মত্ত হতো। ফলে তারা আল্লাহর ধর্ম থেকে খারিজ হয়ে যেত।
এরাই তারা — নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, তাদের বংশধর, এবং ইব্রাহীম ও ইসরাঈলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি, তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। (সূরা মারইয়াম: ৫৮, ৫৯)
তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। এটিই চরম পথভ্রষ্টতা। আর তারা এমন কিছুকে ডাকে, যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী। (সূরা আল-হজ্জ: ১২, ১৩)
সত্য ধর্ম থেকে বিচ্যুতির কারণ
শয়তান তার কুপ্ররোচনা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে চায়।
সে বলল: হে আমার পালনকর্তা! আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন: তোমাকে অবকাশ দেওয়া হলো! সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল: হে আমার পালনকর্তা! আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। তবে আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। আল্লাহ বললেন: এটা আমার পর্যন্ত সোজা পথ! যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রষ্টদের মধ্য থেকে যারা তোমার পথে চলে। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। (সূরা আল-হিজর: ৩৬-৪৩)
আল্লাহর কসম, আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে কর্মসমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা আন-নাহল: ৬৩)
কিন্তু শয়তানের কোনো ক্ষমতা নেই বাধ্য করার। তার আধিপত্য সবার উপর নেই। আর শয়তানের আধিপত্য চলে না তাদের উপর, যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে। (সূরা আন-নাহল: ৯৯)
মানুষ তার পূর্বপুরুষদের ভিত্তিহীন আচার-অনুষ্ঠান দেখে নিজেরাই পথভ্রষ্ট হয়। কিন্তু তাদের ওই আচার মোটেও আল্লাহর বিধান নয়। তারা যখন কোনো মন্দ কাজ করে, তখন বলে: আমরা বাপ-দাদাকে এমনই করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো, যা তোমরা জান না! (সূরা আল-আরাফ: ২৮)
কিন্তু তারা ভিত্তিহীন প্রথার অনুসরণ করে। বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না। আল্লাহ ভালো করেই জানেন, তারা যা কিছু করে। (সূরা ইউনুস: ৩৬)
মোটকথা, আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে মানুষ নিজের প্রবৃত্তির অনুসরণ ও শয়তানের কুপ্ররোচনায় বিভিন্ন রকম পন্থা ও ধর্ম উদ্ভাবন করেছে। এ কারণেই পৃথিবীতে এত ধর্ম। তারা (অমুসলিমরা) পূর্বপুরুষের তাওহীদের দ্বীন থেকে বিচ্যুত এবং শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রচারিত ধর্মও গ্রহণ করেনি।
অথচ প্রকৃত সত্য ধর্ম একটিই। কুরআনের আয়াত দ্বারা এটি প্রমাণিত যে, প্রতিটি সময়ের জন্যই গ্রন্থ রয়েছে এবং প্রতিটি জাতির নিকটেই রাসূল পৌঁছেছেন। আমাদের একেবারে পূর্ববর্তী যারা আসমানি কিতাব ও নবী পেয়েছে, তারা হচ্ছে খ্রিষ্টান জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমনের মাত্র সাড়ে পাঁচশ বছর আগে নবুয়ত পেয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু মাত্র সাড়ে পাঁচশ বছরের মধ্যেই তারা ঈসা আলাইহিস সালাম-এর তাওহীদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে এক নতুন ধর্মের অনুসারীতে পরিণত হয়েছিল। তার বহু বছর আগে বহু প্রাচীনকালে যারা নবী পেয়েছিল, বিশাল সময়ে তারা কী পরিমাণ ভ্রষ্ট হয়ে যেতে পারে, তা তো সহজেই অনুমান করা যেতে পারে। ধর্মগুলোর বৈচিত্র্য দেখেই তা বোঝা যায়। যাহোক, শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা দুনিয়ার সব জাতির জন্য রাসূল হয়ে এসেছিলেন। তাঁর প্রচারিত দ্বীন সারা দুনিয়ার মানুষের জন্য, সব জনপদের জন্য।
যেমন আল্লাহ তায়ালা বলেন:
নিঃসন্দেহে আল্লাহ তায়ালার নিকট পছন্দনীয় ও গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। (সূরা আল-ইমরান: ১৯)
তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো দ্বীন (ধর্ম) তালাশ করে? (সূরা আল-ইমরান: ৮৩)
যে লোক ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন (ধর্ম) তালাশ করে, কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। (সূরা আল-ইমরান: ৮৫)
কেননা, আমি তাদের কাছে আমার কিতাব প্রেরণ করেছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি। যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত! তারা কি এখন এ অপেক্ষায়ই আছে যে, এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে, সেদিনের পূর্বে যারা একে ভুলে গিয়েছিল, তারা বলবে: বাস্তবিকই আমাদের প্রতিপালকের পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব, আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে কি, যে সুপারিশ করবে অথবা আমাদেরকে পুনঃ প্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম। নিশ্চয় তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা মনগড়া যা বলত, তা উধাও হয়ে যাবে। (সূরা আল-আরাফ: ৫২-৫৩)
সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন! (সূরা আল-ইমরান: ২১)
আর তারা জাহান্নামের অগ্নিতে চিরস্থায়ীভাবে থাকবে। সৃষ্টির মাঝে তারা কতই না নিকৃষ্টতম ব্যক্তি। (সূরা আল-বাইয়্যিনাহ: ৬)
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. সূরা আল-ইমরান ৫২, ৬৭ নং আয়াত।
২. সূরা ইউসুফ ১০১ নং আয়াত।
৩. সূরা আল-আনআম ৩৪ নং আয়াত।
৪. সূরা ইউনুস ৪৭ নং আয়াত।
৫. সূরা আর-রাদ ৭ নং আয়াত।
৬. সূরা আর-রাদ ৩৮ নং আয়াত।
৭. সূরা আল-হিজর ১০ নং আয়াত।
৮. সূরা আন-নাহল ৩৬ নং আয়াত।
৯. সূরা আল-আরাফ ৫৯-১০০ নং আয়াত।
১০. সূরা আল-আরাফ ৬৬ নং আয়াত।
১১. সূরা মারইয়াম ৫৮, ৫৯ নং আয়াত।
১২. সূরা আল-হজ্জ ১২, ১৩ নং আয়াত।
১৩. সূরা আল-হিজর ৩৬-৪৩ নং আয়াত।
১৪. সূরা আন-নাহল ৬৩ নং আয়াত।
১৫. সূরা আন-নাহল ৯৯ নং আয়াত।
১৬. সূরা আল-আরাফ ২৮ নং আয়াত।
১৭. সূরা ইউনুস ৩৬ নং আয়াত।
১৮. সূরা আল-ইমরান ১৯ নং আয়াত।
১৯. সূরা আল-ইমরান ৮৩ নং আয়াত।
২০. সূরা আল-ইমরান ৮৫ নং আয়াত।
২১. সূরা আল-আরাফ ৫২-৫৩ নং আয়াত।
২২. সূরা আল-ইমরান ২১ নং আয়াত।
২৩. সূরা আল-বাইয়্যিনাহ ৬ নং আয়াত।