সালাত/নামায

৯৭. নামাযে কাতার সোজা করার নিয়ম সম্পর্কে

☞ প্রশ্ন

আসসালামু আলাইকুম!

মহামান্য মুফতি সাহেব!

নামাযের মধ্যে কাতার সোজা করার সঠিক নিয়ম কোনটি? পায়ের গোড়ালি দ্বারা কাতার সোজা করা, নাকি পায়ের আঙ্গুল দ্বারা কাতার সোজা করা? অর্থাৎ দাগের মধ্যে পায়ের গোড়া রাখা, নাকি আঙ্গুল রাখা?

আর পায়ের আঙ্গুল দ্বারা কাতার সোজা করলে কাতার সোজা হবে কি না? একজন মুহাদ্দিস সাহেব বলেছেন যে, কাতার সোজা হবে। এবং উক্ত মুহাদ্দিস সাহেবের কথা অনুযায়ী আমাদের মসজিদে প্রায় ৫/৭ বছর যাবত পায়ের আঙ্গুল দ্বারাই কাতার সোজা করে নামায আদায় করা হচ্ছে। কিন্তু ঘটনাক্রমে কোনো একদিন ঢাকা মাদানীনগর মাদরাসার একজন মুফতি সাহেব আমাদের মসজিদে নামায আদায় করেন। অতঃপর তিনি বলেন যে, কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালি দ্বারা কাতার সোজা করা। পায়ের আঙ্গুল দ্বারা কাতার সোজা হয় না। এখন আমরা কার কথার উপর আমল করবো! অনুগ্রহপূর্বক সঠিক সমাধান জানালে বড়ই কৃতজ্ঞ হবো।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

নামাযের মধ্যে কাতার সোজা করা বিশুদ্ধ মতে সুন্নতে মুয়াক্কাদাহ। কাতার সোজা করা সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: তোমরা নামাযের কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তায়ালা তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন এবং তোমাদের মনসমূহ বাঁকা করে দিবেন। সুতরাং, নামাযের মধ্যে কাতার সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

আর কাতার সোজা করার সঠিক পদ্ধতি হলো একজনের পায়ের গোড়ালি অপর জনের গোড়ালি বরাবর এবং একজনের কাঁধ অপর জনের কাঁধ বরাবর রাখা। আর যদি কোনো মসজিদে কাতার সোজা করার জন্য দাগ দেওয়া থাকে, তাহলে দাগের উপর পায়ের গোড়ালি রেখে কাতার সোজা করতে হবে। অন্যথায় দাগের মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে দাঁড়ালে কাতার সোজা হবে না।

আর উক্ত মুহাদ্দিস সাহেবের কথা সঠিক নয়। কিন্তু মাদানীনগর মাদরাসার মুফতি সাহেবের কথা সঠিক।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ১ম খণ্ড, ৫৬৮ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড, ৮৯ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে দারুল উলূম, ৩য় খণ্ড, ৩৩৭ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে জামেয়া, ১ম খণ্ড, ১৪৩ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে রহমানিয়া, ১ম খণ্ড, ২৬৭ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে রহিমিয়া, ৪র্থ খণ্ড, ৩১৯ পৃষ্ঠা।

৭. দুররে মুখতার, ১ম খণ্ড, ৪২০ পৃষ্ঠা।

৮. আবু দাউদ শরীফ, ১ম খণ্ড, ৯৬ পৃষ্ঠা।

৯. মিশকাত শরীফ, ১ম খণ্ড, ৯৮ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button