ঈমান আকিদা

১৮৭. ভূমিকম্প হওয়ার কারণ সম্পর্কে

☞ প্রশ্ন

মহাগুরু মুফতি তাহমীদ শামী সাহেব!

আমার আদাব ও আশীর্বাদ গ্রহণ করবেন! আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন, আমি ফতোয়ায়ে তাহমীদের নিয়মিত পাঠক। সনাতন ধর্মের অনুসারী। অন্য ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও আমি আপনার সকল প্রশ্নের উত্তরগুলো অত্যন্ত মনোযোগের সাথেই পাঠ করি। ইসলাম সম্পর্কে মনে জাগা-নাজাগা অনেক প্রশ্নের সমাধান আপনার লেখনীর মাধ্যমে জেনেছি। বলা যায় এক প্রকারে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। যাই হোক, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে, ভূমিকম্প কেন হয়?

জানি না আমার প্রশ্নের উত্তর প্রদান করবেন কিনা! আশা-নিরাশার মাঝে আপনার মূল্যবান উত্তরের আশায় প্রহর গুনছি। উত্তর দিলে চির কৃতজ্ঞ হবো!

প্রশ্নকারী: ডা. সুমা রাণী বিশ্বাস, কলিকাতা, ইন্ডিয়া।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এক ও অদ্বিতীয়। শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবারের উপর, তাঁর সাহাবাদের উপর এবং তাদের উপর যারা তাদের অনুসরণ করেন।

মহান আল্লাহ সর্বজ্ঞানী, তাঁর ইচ্ছা এবং তিনি যা কিছু প্রেরণ করবেন সে সকল বিষয়ে তিনিই সবকিছু জানেন এবং তিনি সর্বাধিক জ্ঞানী এবং সর্বাধিক অবহিত তাঁর আইন-কানুন ও আদেশ সম্পর্কে। মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন প্রকারের নিদর্শন সৃষ্টি করেন এবং বান্দার উপর প্রেরণ করেন, যাতে করে তারা মহান আল্লাহ কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন ও ভীত হয়। বান্দারা মহান আল্লাহর সাথে যা শিরক করে (অর্থাৎ, ইবাদত করার ক্ষেত্রে মহান আল্লাহর সাথে অংশীদারিত্ব করে) এবং তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য তিনি এই নিদর্শনসমূহ প্রেরণ করেন, যাতে করে তারা তাদের ভুল বুঝতে পারে, তাদের বোধোদয় হয় এবং তাদের রবের দিকেই একনিষ্ঠভাবে ইবাদত করে।

মহান আল্লাহ বলেন: (আসলে) আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আযাবের) নিদর্শনসমূহ পাঠাই। (সূরা ইসরা, আয়াত নং ৫৯)

অচিরেই আমি আমার (কুদরতের) নিদর্শনসমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করবো এবং তাদের নিজেদের মধ্যেও (তা আমি দেখিয়ে দিবো), যতোক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে, এই (কুরআনই মূলত) সত্য; একথা কি যথেষ্ট নয় যে, তোমার মালিক সবকিছু সম্পর্কে অবহিত? (সূরা হা-মীম সিজদা, আয়াত নং ৫৩)

বলুন: আল্লাহ তাআলা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে) অথবা তোমাদের পায়ের নীচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল-উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। (সূরা আনআম, আয়াত নং ৬৫)

জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন “তোমাদের উপর থেকে (আসমান থেকে)” অংশটি নাযিল হলো, তখন রাসূল (সা.) বললেন: আমি তোমার সম্মূখ হতে আশ্রয় প্রার্থনা করছি। আর যখন “অথবা তোমাদের পায়ের নীচ থেকে আযাব পাঠাতে সক্ষম” অংশটি নাযিল হলো, তখনো তিনি (সা.) বললেন: আমি তোমার সম্মূখ হতে আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ আল বুখারী, ৫/১৯৩ পৃষ্ঠা)

আবুল শায়খ আল-ইসফাহানী (রহ.) এই আয়াতের তাফসীরে বর্ণনা করেন, “বলুন: আল্লাহ তাআলা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে)” — যার ব্যাখ্যা হলো, তীব্র শব্দ, পাথর অথবা ঝড়ো হাওয়া; “অথবা তোমাদের পায়ের নীচ থেকে আযাব পাঠাতে সক্ষম” — যার ব্যাখ্যা হলো, ভূমিকম্প এবং ভূমি ধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া।

নিঃসন্দেহে বর্তমানে যেসকল ভূমিকম্পগুলো ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি, যা দিয়ে তিনি তাঁর বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। এই ভূমিকম্প এবং অন্যান্য সকল দুর্যোগগুলো সংঘটিত হওয়ার ফলে অনেক ক্ষতি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে এবং আহত হচ্ছে; এই দুর্যোগগুলো আসার কারণ হচ্ছে, শিরকী কার্যকলাপ (ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে মহান আল্লাহর অংশীদার বানানো) এবং মানুষের পাপ (মহান আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো করার কারণে)।

এক্ষেত্রে মহান আল্লাহ বলেন: (হে মানুষ) যে বিপদ-আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, এবং (তা সত্ত্বেও) আল্লাহ তাআলা তোমাদের অনেক (অপরাধ এমনিই) ক্ষমা করে দেন। (সূরা আশ-শূরা, আয়াত নং ৩০)

যে কল্যাণই তুমি লাভ কর (না কেন, মনে রেখো), তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের থেকে। (সূরা আন-নিসা, আয়াত নং ৭৯)

মহান আল্লাহ অতীত জাতির উপর প্রেরিত আযাব সম্পর্কে বলেন: অতঃপর এদের সবাইকে আমি (তাদের) নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি, এদের কারো উপর প্রচণ্ড ঝড় পাঠিয়েছি (প্রচণ্ড পাথরের বৃষ্টি) (যেভাবে লূত জাতির উপর প্রেরণ করা হয়েছিল), কাউকে মহাগর্জন এসে আঘাত হেনেছে (যেভাবে শুআইব (আ.)-এর জাতির উপর আঘাত হেনেছিল), কাউকে আমি যমীনের নীচে গেড়ে দিয়েছি (যেভাবে কারূনকে গেড়ে দেওয়া হয়েছিল), আবার কাউকে আমি (পানিতে) ডুবিয়ে দিয়েছি (নূহ জাতি ও ফেরাউন ও তার লোকদেরকে যেভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল)। (মূলত) আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের উপর যুলুম করেছেন, যুলুম তো বরং তারাই নিজেদের উপর করেছে। (সূরা আল-আনকাবূত, আয়াত নং ৪০)

এখন মুসলমানদের এবং অন্যান্যদের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর নিকট তওবা করা উচিত, আল্লাহ কর্তৃক নির্দিষ্ট একমাত্র দ্বীন ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং আল্লাহ তাআলা যেসব শিরকী কার্যকলাপ ও পাপ কাজ করতে নিষেধ করেছেন (যেমন: নামায ত্যাগ না করা, যাকাত আদায় থেকে বিরত না থাকা, সুদ-ঘুষ না খাওয়া, মদ পান না করা, ব্যভিচার না করা, নারী-পুরুষের অবাধ মেলামেশা না করা, গান ও বাদ্যযন্ত্র না শোনা প্রভৃতি হারাম কাজ থেকে বিরত থাকা) তা থেকে বিরত থাকা। এতে আশা করা যায়, তারা এই দুনিয়া ও পরবর্তীতে কঠিন আযাব থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাদের আযাব থেকে নিরাপদে রাখবেন এবং তাদের উপর রহমত বর্ষণ করবেন।

মহান আল্লাহ তাআলা বলেন: অথচ যদি সেই জনপদের মানুষগুলো (আল্লাহ তাআলার উপর) ঈমান আনতো এবং (আল্লাহ তাআলাকে) ভয় করতো, তাহলে আমি তাদের উপর আসমান-যমীনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু (তা না করে) তারা (আমার নবীকেই) মিথ্যা প্রতিপন্ন করলো, সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। (সূরা আল-আ’রাফ, আয়াত নং ৯৬)

এবং আল্লাহ আহলে কিতাবধারীদের সম্পর্কে বলেন: যদি তারা তাওরাত ও ইনজিল (তথা তার বিধান) প্রতিষ্ঠা করতো, আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে এখন নাযিল করা হচ্ছে (কুরআন) তার উপর প্রতিষ্ঠিত থাকতো, তাহলে তারা অবশ্যই রিযিক পেতো তাদের মাথার উপরের (আসমান) থেকে ও তাদের পায়ের নীচের (যমীন) থেকে। (সূরা আল-মায়িদা, আয়াত নং ৬৬)

এবং আল্লাহ আরো বলেন: (এ) লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে (তারা মনে করে নিয়েছে), আমার আযাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে! অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে, আমার আযাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না — তখন তারা খেল-তামাশায় মত্ত থাকবে। কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা-কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলার কলা-কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না। (সূরা আল-আ’রাফ, আয়াত নং ৯৭-৯৯)

আল্লামা ইবনে কাইয়্যিম (রহ.) বলেন: মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে কেঁপে ওঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প অনুষ্ঠিত হয়; এইটা মানুষগুলোকে ভীত করে, তারা মহান আল্লাহর নিকট তওবা করে, পাপকর্ম করা ছেড়ে দেয়, আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতেন: মহান আল্লাহ তোমাদেরকে সতর্ক করছেন। মদীনায় যখন একবার ভূমিকম্প হয়েছিল, তখন উমর ইবনুল খাত্তাব (রা.) তাঁর জনগণকে ভাষণে বললেন: যদি আরো একবার ভূমিকম্প সংঘটিত হয় তাহলে আমি এখানে তোমাদের সাথে থাকবো না। সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকদের কাছে এরকম আরো অনেক ঘটনার বিবরণ রয়েছে।

যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষদের উচিত মহান আল্লাহর নিকট অতি দ্রুত তওবা করা, তাঁর নিকট নিরাপত্তার জন্য দোয়া করা এবং মহান আল্লাহকে অধিক হারে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা, যেভাবে রাসূল (সা.) সূর্য গ্রহণ দেখলে বলতেন: যদি তুমি এরকম কিছু দেখে থাক, তখন দ্রুততার সাথে মহান আল্লাহকে স্মরণ কর, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর। (সহীহ বুখারী ২/৩০ পৃষ্ঠা এবং মুসলিম ২/৬২৮)

দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত, কারণ রাসূল (সা.) বলেন: দয়া প্রদর্শন কর, তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে। (মুসনাদে আহমাদ ২/১৬৫) যারা দয়া প্রদর্শন করে মহান দয়াশীল আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া প্রদর্শন কর, এবং আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। (আবু দাউদ শরীফ ১৩/২৮৫, আত-তিরমিযী ৬/৪৩) যারা দয়া প্রদর্শন করবে না তাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে না। (বুখারী ৫/৭৫, মুসলিম ৪/১৮০৯)

বর্ণিত আছে যে, যখন কোনো ভূমিকম্প সংঘটিত হতো, উমর ইবনে আব্দুল আযীয (রহ.) তাঁর গভর্নরদের কাছে চিঠি লিখে দান করার নির্দেশ দিতেন।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় (আযাব) থেকে নিরাপদে রাখবে, তাহলো, যারা ক্ষমতায় আছে (অর্থাৎ যারা দেশ পরিচালনা করছে) তাদের উচিত দ্রুততার সাথে সমাজে প্রচলিত অন্যায় থামিয়ে দেওয়া, তাদের শরিয়া আইন মেনে চলতে বাধ্য করা এবং সে অনুযায়ী চলা, ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ নিষেধ করা।

মহান আল্লাহ বলেন: মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা (মানুষদের) ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, তারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, (জীবনের সব কাজে) আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের (বিধানের) অনুসরণ করে, এরাই হচ্ছে সে সব মানুষ; যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন; অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। (সূরা আত-তওবা: ৭১)

আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ তাআলার (দ্বীনে) সাহায্য করে, অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। আমি যদি এ (মুসলমান)-দের (আমার) যমীনে (রাজনৈতিক) প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা (প্রথমে) নামায প্রতিষ্ঠা করবে, (দ্বিতীয়ত) যাকাত আদায় (এর ব্যবস্থা) করবে, আর (নাগরিকদের) তারা সৎকাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। (সূরা আল-হজ্জ, আয়াত নং ৪০-৪১)

যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্যে (সংকট থেকে বের হয়ে আসার) একটা পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন রিযিক দান করেন যার (উৎস) সম্পর্কে তার কোনো ধারণাই নেই; যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। (সূরা আত-তালাক, আয়াত নং ২-৩)

এই বিষয়ে এরকম আরো অনেক আয়াত রয়েছে। রাসূল (সা.) বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবেন। (সহীহ বুখারী ৩/৯৮, মুসলিম ৪/১৯৯৬) এবং তিনি (সা.) আরও বলেন: যে ব্যক্তি, এই পৃথিবীতে একজন বিশ্বাসীর দুশ্চিন্তা দূর করে দিবে, মহান আল্লাহ তাকে পুনরুত্থান দিবসের দুশ্চিন্তা থেকে নিরাপদে রাখবেন। যে ব্যক্তি, কারো কাজকে সহজ করে দিবে (যে কঠিন কাজে নিয়োজিত), মহান আল্লাহ তার দুনিয়া ও পরকালের কাজকে সহজ করে দিবেন। যে ব্যক্তি, একজন মুসলিমের দোষ গোপন রাখবে মহান আল্লাহ দুনিয়া ও পরকালে তার দোষ গোপন রাখবেন। মহান আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজনকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার ভাইকে সাহায্য করতে থাকে। (মুসলিম ৪/২০৭৪)

এই বিষয়ের উপর এরকম আরো অনেক হাদীস রয়েছে। মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সকল প্রতিকূল অবস্থা থেকে ভালো অবস্থার দিকে উন্নীত করেন ও হিদায়াত দান করেন এবং আমাদের সকল পাপরাশি ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমীন।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. আল কুরআন: সূরা ইসরা ৫৯; সূরা হা-মীম সিজদা ৫৩; সূরা আনআম ৬৫; সূরা আশ-শূরা ৩০; সূরা আন-নিসা ৭৯; সূরা আল-আনকাবূত ৪০; সূরা আল-আ’রাফ ৯৬, ৯৭-৯৯; সূরা আল-মায়িদা ৬৬; সূরা আত-তওবা ৭১; সূরা আল-হজ্জ ৪০-৪১; সূরা আত-তালাক ২-৩।

২. সহীহ বুখারী, ৫/১৯৩, ২/৩০, ৫/৭৫, ৩/৯৮ পৃষ্ঠা।

৩. সহীহ মুসলিম, ২/৬২৮, ৪/১৮০৯, ৪/১৯৯৬, ৪/২০৭৪ পৃষ্ঠা।

৪. মুসনাদে আহমাদ, ২/১৬৫ পৃষ্ঠা।

৫. সুনানে আবু দাউদ, ১৩/২৮৫ পৃষ্ঠা।

৬. সুনানে তিরমিযী, ৬/৪৩ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button