জায়েয-নাজায়েয

২৩৭. নাম পরিবর্তন করলে পুনরায় আক্বীকা করা সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনয়ের সহিত জানতে চাচ্ছি যে, আমার এক সহকর্মী ভাই তার ছেলের আক্বীকার মাধ্যমে নামকরণ করেছে। কিন্তু নামকরণ করার পর সেই নামের অর্থ খুঁজতে গিয়ে দেখে যে, নামের অর্থটা খারাপ। এমতাবস্থায় সেই সহকর্মী ভাইয়ের করণীয় কি? সে কি আবার আক্বীকার মাধ্যমে নাম পরিবর্তন করবে? না কি শুধু নাম পরিবর্তন করলেই চলবে? যথাযথ প্রমাণসহ উত্তর দানে হুজুরের সদয় সহানুভূতি কামনা করছি।

প্রশ্নকারী: মুহাম্মাদ মনোয়ারুল হক, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের সুন্দর ইসলামী নাম রাখা ও আক্বীকা করা সুন্নাত। আক্বীকা দ্বারা সন্তানের বালা-মুসিবত দূর হয়। আক্বীকা করা ও নাম রাখা দুটি ভিন্ন সুন্নাত। তাই কোনো কারণবশত যদি সন্তানের নাম পরিবর্তন করতে হয়, তবে শুধু নাম পরিবর্তন করবে। পুনরায় আক্বীকা করার কোনো প্রয়োজন নেই। কেননা, আক্বীকা করা হয় সন্তানের মঙ্গলের জন্য। তার নামের মঙ্গলের জন্য নয়! তবে তার মঙ্গলের জন্য তার নাম সুন্দর হওয়া জরুরি। কারণ, ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যেরও মিল থাকে। বাস্তবতায়ও দেখা যায়, যে ব্যক্তির নামের অর্থে চপলতা রয়েছে, তার চরিত্রেও চপলতা পাওয়া যায়। যার নামের মধ্যে গাম্ভীর্যতা রয়েছে, তার চরিত্রেও গাম্ভীর্যতা পাওয়া যায়। এমনিভাবে খারাপ নামের অধিকারী লোকের চরিত্রও খারাপ হয়ে থাকে। আর ভালো নামের অধিকারী ব্যক্তির চরিত্রও ভালো হয়ে থাকে। (তাসমিয়াতুল মাওলুদ ১/১০)

এ কারণেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভালো নাম শুনে আশাবাদী হতেন। যেমন, হুদাইবিয়ার সন্ধিকালে মুসলিম ও কাফের দুই পক্ষের মধ্যে টানাপোড়েনের এক পর্যায়ে আলোচনার জন্য কাফেরদের প্রতিনিধি হয়ে সুহাইল ইবনে আমর নামে এক ব্যক্তি এগিয়ে এল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল নামে আশাবাদী হয়ে বলেন: সুহাইল তোমাদের জন্য সহজ করে দিতে এসেছেন। (আদাবুল মুফরাদ, হাদীস ৯১৫)

সুহাইল শব্দটি সাহলুন (সহজ) শব্দের ক্ষুদ্রতানির্দেশক রূপ। যার অর্থ হচ্ছে— অতিশয় সহজকারী।

এমনিভাবে বিভিন্ন কবিলা তথা গোত্রের ভালো অর্থবোধক নামেও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী হতেন। গিফার গোত্র সম্পর্কে তিনি বলেন: হে আল্লাহ! গিফার (ক্ষমা করা) কবিলার লোকদেরকে ক্ষমা করে দিন। আসলাম গোত্র সম্পর্কে বলেন: হে আল্লাহ! আসলাম (আত্মসমর্পণকারী/শান্তিময়) কবিলা বা গোত্রের লোকদেরকে শান্তি দিন। (বুখারী ৯৫১, মুসলিম ১০৯৬ হাদীস)

এমনিভাবে কারো নামের অর্থ খারাপ হলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালো অর্থবোধক নাম রেখে দিতেন।

এক সাহাবীর কুনিয়াত ছিল আবুল হাকাম। যেহেতু হাকাম আল্লাহর খাস নাম, তাই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন: তোমার ছেলে নেই? সাহাবী বললেন: শুরাইহ, মুসলিম ও আব্দুল্লাহ। তিনি বললেন: এদের মধ্যে বড় কে? সাহাবী বললেন: শুরাইহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার নাম হলো আবু শুরাইহ। (আবু দাউদ, হাদীস ৪৮৭২)

এক মহিলা সাহাবিয়্যার নাম ছিল বার্রা (بَرَّةٌ – পূর্ণবতী)। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন: তুমি কি আত্মস্তুতি করছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামও পরিবর্তন করে ‘যয়নব’ زينب (সুদর্শন) রাখলেন। (আবু দাউদ, হাদীস ৪৮৭১)

এক সাহাবিয়্যার নাম ছিল ‘আছিয়া’, যার অর্থ অবাধ্য-নাফরমান। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম রাখলেন ‘জামীলা’, যার অর্থ ‘সুন্দর’। (মুসলিম ২১৩৯, আবু দাউদ ৪৮৭০)

সুতরাং উল্লিখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কারো নামের অর্থ খারাপ হলে, নাম পরিবর্তন করে ভালো অর্থবোধক নাম রাখা উচিত। (আহকামুল ইসলাম)

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. তাসমিয়াতুল মাওলুদ ১/১০।

২. আদাবুল মুফরাদ, হাদীস ৯১৫।

৩. বুখারী ৯৫১, মুসলিম ১০৯৬।

৪. আবু দাউদ, হাদীস ৪৮৭২।

৫. আবু দাউদ, হাদীস ৪৮৭১।

৬. মুসলিম ২১৩৯, আবু দাউদ ৪৮৭০।

৭. আহকামুল ইসলাম।

s

Related Articles

Leave a Reply

Back to top button