☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
পাঁচ ওয়াক্ত নামাযের আযান কোথায় দাঁড়িয়ে দেওয়া সুন্নাত? মসজিদের ভিতরে নাকি মসজিদের বাহিরে? মসজিদের ভিতর মাইকে আযান দিলে আযানের উদ্দেশ্য হাসিল হবে কিনা? দলীলসহ সমাধান দিলে উপকৃত হবো।
প্রশ্নকারী: মুয়াযযিন, মিয়াবাড়ী জামে মসজিদ, নওগাঁ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
মসজিদের বাহিরে তথা মিনারায় দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নাত। আর মসজিদের ভিতরে দাঁড়িয়ে আযান দেওয়া খেলাফে সুন্নাত। তবে মসজিদের ভিতর মাইক্রফোন তথা মাইক দিয়ে আযান দেওয়ার দ্বারা আযানের উদ্দেশ্য ‘তাবলীগে সাওত’ তথা দূর-দূরান্ত থেকে লোকদেরকে জামাআতে শরীক হওয়ার ব্যাপারে অবগত করানোর বিষয়টি যদিও আদায় হয়ে যায়। কিন্তু খাইরুল কুরূন তথা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবা, তাবেয়ী ও তাবে-তাবেয়ীনের যুগে এরকম আমল ছিল না। বরং সুন্নাত তরীকা হলো, মসজিদের বাহিরে অর্থাৎ মিনারায় দাঁড়িয়ে আযান দেওয়া। আর ফুক্বাহায়ে কেরাম মসজিদের ভিতর আযান দেয়াকে সুন্নাতের খেলাফ ও মাকরূহে তানযীহী লিখেছেন। তাছাড়া মসজিদের ভিতরে খুতবা বা জুমার দ্বিতীয় আযান ব্যতীত উঁচু আওয়াযে আযান দেওয়ার দ্বারা মসজিদের ইহতেরামেরও খেলাফ হয়। তাই মসজিদের বাহিরে থেকে আযান দেওয়ার চেষ্টা করতে হবে।
তবে অপারগ হলে মসজিদের ভিতরেও আযান দেওয়া যাবে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. মিশকাত শরীফ ২/৩৪৯ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে শামী ১/৩৫৭ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে হিন্দিয়া ১/৫৫ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে মাহমুদিয়া ৯/১০৩ পৃষ্ঠা।
৫. বেহেশতী গাওহার ১১/৪০ পৃষ্ঠা।
৬. রদ্দুল মুহতার ২/৪৮ পৃষ্ঠা।
৭. ইলাউস সুনান ৮/৪৯ পৃষ্ঠা।
৮. মারাকিউল ফালাহ ২৮০ পৃষ্ঠা।