শরয়ী হুকুম আহকাম

১৯০. উনপঞ্চাশ কোটি গুণ সাওয়াব সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

বর্তমান প্রচলিত দাওয়াত ও তাবলীগের সাথিরা তাদের বয়ানে বলে থাকেন যে, আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে, সাত লক্ষ টাকা খরচ করার সমান সাওয়াব পাওয়া যায়।

আর আল্লাহর রাস্তায় বের হয়ে একটি আমল করলে, উনপঞ্চাশ কোটি আমলের সমান সাওয়াব পাওয়া যায়।

তাদের এ কথা সঠিক কিনা? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো!

প্রশ্নকারী: মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, নেত্রকোনা, ময়মনসিংহ, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, তাদের এ কথা সঠিক এবং হাদীস শরীফে এ কথার প্রমাণও রয়েছে। হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করল, অথচ সে নিজে আল্লাহর রাস্তায় বের হল না, সে তার ব্যয়কৃত এক দিরহামের পরিবর্তে সাতশত দিরহামের সাওয়াব পাবে। আর যে নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জন্য উক্ত টাকা ব্যয় করবে, সে এক দিরহামে সাত লক্ষ দিরহাম সদকা করার সাওয়াব পাবে। অতঃপর রাসূলুল্লাহ (সা.) এ আয়াত তিলাওয়াত করেন,

وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ

আল্লাহ তা’আলা যাকে ইচ্ছা করেন, আরো বাড়িয়ে দেন। (সুনানে ইবনে মাজাহ, পৃষ্ঠা নং ১৯৮) এ হাদীস দ্বারা প্রমাণিত হলো যে, আল্লাহর রাস্তায় নিজের জন্য মাল খরচ করলে, সাত লক্ষ গুণ সাওয়াব পাওয়া যায়। আবার অন্য এক হাদীসে রাসূলে কারীম (সা.) ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আদায়কৃত নামায, রোযা, যিকির ইত্যাদির সাওয়াব আল্লাহর রাস্তায় ব্যয় করার সাওয়াবের চেয়ে সাতশত গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। (মুসনাদে আহমদ ৩/৪১০ পৃষ্ঠা।)

এ হাদীসের ভিত্তিতে সাত লক্ষকে সাতশত দ্বারা গুণ করলে তা উনপঞ্চাশ কোটিতে পরিণত হয়। সুতরাং আল্লাহর রাস্তায় আমল করলে, তাতে উনপঞ্চাশ কোটি গুণ সাওয়াব বেশি হওয়া প্রমাণিত হলো।

উল্লেখ্য যে, উপরোল্লিখিত হাদীসগুলো জিহাদের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তবে এ ফজিলত দাওয়াত ও তাবলীগসহ অন্যান্য সহীহ দ্বীনী খিদমতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেননা, জিহাদের উদ্দেশ্য আর দাওয়াত ও তাবলীগ বা অন্যান্য দ্বীনী খিদমতের উদ্দেশ্য মূলত এক। আর তা হলো, আল্লাহর যমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এ জন্যই ইমাম বুখারী (রহ.) জুমু’আর নামাযে কষ্ট করে হাজির হওয়ার ফজিলত বর্ণনা করেছেন কিতাবুল জিহাদের হাদীস দ্বারা। সুতরাং হাদীসের বর্ণনার ব্যাপকতা নিঃসন্দেহে সেসব খিদমতকে শামিল করবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. বুখারী শরীফ, ১/১২৪ পৃষ্ঠা।

২. তিরমিযী শরীফ, ১/২৯২ পৃষ্ঠা।

৩. আবু দাউদ শরীফ, ১/৩৩৮ পৃষ্ঠা।

৪. ইবনে মাজাহ শরীফ, ১/১৯৮ পৃষ্ঠা।

৫. আহমদ শরীফ, ৩/৪৪০ পৃষ্ঠা।

৬. মিশকাত শরীফ, ১/৩৪ পৃষ্ঠা।

৭. শরহে মিরকাত, ১/২৮৫ পৃষ্ঠা।

৮. আত তারগীব, ২/২৫৩ পৃষ্ঠা।

৯. ফতোয়ায়ে রহমানিয়া, ২/৪৫৫ পৃষ্ঠা।

১০. খাইরুল ফতোয়া, ১/৩৭১ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button