হায়েজ নেফাস

২২২. হায়েয-নেফাস অবস্থায় হজ পালন করা সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

আমি এ বছর হজ করতে বাইতুল্লাহয় এসেছি! আমার জানার বিষয় হলো, হজের সময় হায়েয-নেফাস হলে করণীয় কী? ওষুধ সেবনের মাধ্যমে হায়েয বন্ধ করে হজ করতে পারবো কিনা? শরীয়তের বিধান জানিয়ে আমল করার সুযোগ দিলে অধমা সবিশেষ কৃতজ্ঞ রবে। আমি আপনার সর্বত্র সফলতা কামনা করি!

প্রশ্নকারী: আলেমা সুমা আক্তার তাহমিদা, ঢাকা, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

হজ করা অবস্থায় যদি কোনো মেয়ের হায়েয বা নেফাস এসে যায়, তবে তা নিয়ে মন খারাপ করার কিছু নেই! কারণ, এটা আল্লাহ তাআলা প্রত্যেক নারীর জন্যই নির্ধারণ করে দিয়েছেন।

সুতরাং এ ক্ষেত্রে করণীয় হলো, হায়েয ও নেফাস-ওয়ালী নারীগণ পবিত্রতা অর্জন করা পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ ও সায়ী ব্যতীত হজের অন্যান্য কাজগুলো করতে থাকবে। কেননা, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজের সফরে বের হওয়ার পর হায়েয এসেছিল। তখন তিনি বলেন:

فدخل علي النبي صلى الله عليه وسلم وأنا أبكي فقال: ما يبكيك؟ قلت: لوددت أني لم أحج هذا العام. قال: لعلك نفست؟ (أي: حضت) قلت: نعم. قال: فإن ذلك شيء كتبه الله على بنات آدم، فافعلي ما يفعل الحاج، غير ألا تطوفي بالبيت حتى تطهري.

‘‘তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রবেশ করে দেখলেন আমি কাঁদছি। তিনি বললেন: তুমি কাঁদছ কেন? আমি বললাম: হায়! আমি যদি এ বছর হজ না করতাম। তিনি বললেন: তোমার মনে হয় হায়েয হয়েছে। আমি বললাম: হাঁ। তিনি বললেন: এটা তো আল্লাহ তাআলা আদমের প্রতিটি কন্যার উপর লিখে রেখেছেন। সুতরাং তুমি পবিত্র হওয়া পর্যন্ত তাওয়াফ না করে, হজের অন্যান্য যাবতীয় কাজ করে যাও।’’ (বুখারী ২৯০, মুসলিম ১২১১)

হায়েয-নেফাস অবস্থায় হজ পালন করার কতিপয় বিধান বর্ণনা করা হলো:

১. হায়েয বা নেফাস অবস্থায় নারীরা উমরা বা হজের ইহরাম বাঁধতে পারবে।

২. ইহরামের সময় হায়েয ও নেফাসওয়ালী নারী গোসল করবে। কারণ হজের সফরে আসমা বিনতে উমাইস রাযি.-এর সন্তান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করা এবং কাপড় বেঁধে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। (আবু দাউদ)

৩. হায়েয ও নেফাসওয়ালী নারী তালবিয়াহ পাঠ করতে পারবে। অনুরূপভাবে যাবতীয় দোয়াও করতে পারবে। এমনকি কুরআন মাজিদ স্পর্শ না করে মুখস্থ পড়ার অনুমতিও কোনো কোনো ইমাম দিয়েছেন।

৪. যদি তামাত্তু হজ আদায়কারী হয়, আর উমরা অবস্থায় কোনো নারীর হায়েয আসে, তাহলে সে উমরার ইহরাম নিয়েই ৯ তারিখ অর্থাৎ, আরাফার দিন পর্যন্ত কাটিয়ে দেবে। তারপর যদি ৯ তারিখ সে পবিত্র হয়ে যায় তবে দেখতে হবে যে, সে উমরা আদায় করার পর আরাফার মাঠে হাযির হতে পারবে কিনা। তাহলে উমরা পুরা করে নেবে। আর যদি ৯ তারিখ পর্যন্ত পবিত্র না হয় বা ৯ তারিখে এমন সময় পবিত্র হয় যে, তার আর উমরা আদায় করার সময় নেই, তখন তিনি উমরাকে হজে রূপান্তরিত করে ফেলবেন এবং বলবেন: হে আল্লাহ! আমি আমার উমরার সাথেই হজ করার জন্য ইহরাম বেঁধেছি। এভাবে তিনি কিরান হজ আদায়কারী রূপে গণ্য হবেন এবং মানুষের সাথে আরাফাহর ময়দানে অবস্থান করবেন এবং অন্যান্য হাজীদের মতো হজের বাকি কাজগুলো সম্পন্ন করবেন। তবে তিনি তাওয়াফ ও সায়ীকে পবিত্র হওয়া পর্যন্ত বিলম্ব করে আদায় করবেন। পবিত্র হওয়ার পর তিনি হজের তাওয়াফ ও সায়ী আদায় করলেই চলবে। তার উমরার তাওয়াফ ও উমরার সায়ী করার প্রয়োজন পড়বে না। তবে তার উপর হাদি জবাই করা ওয়াজিব হবে।

৫. যদি বিদায়ী তাওয়াফ করার পূর্বে কোনো নারীর হায়েয আসে এবং তাকে মক্কা ছাড়তে হয়, তবে তার জন্য বিদায়ী তাওয়াফ করার আবশ্যকতা থাকবে না। তখন তিনি বিদায়ী তাওয়াফ না করেই মক্কা ছেড়ে যেতে পারবেন। কিন্তু হজের তাওয়াফ না করলে হজ সম্পন্ন হবে না।

৬. যদি হজের তাওয়াফ অর্থাৎ, তাওয়াফে ইফাযা বা তাওয়াফে যিয়ারাহ করার পূর্বে কারও হায়েয বা নেফাস আসে, তাহলে তিনি পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। (আর যদি মক্কায় অপেক্ষা করা তার জন্য দুষ্কর হয়ে পড়ে তবে তিনি তার এলাকায় চলে গেলেও যে পর্যন্ত পবিত্র হওয়ার পর আবার মক্কায় এসে তাওয়াফ না করবেন সে পর্যন্ত তার হজ পূর্ণ হবে না। আর এ সময়ে তিনি তার স্বামীর সাথে সহবাসও করতে পারবেন না। তারপর যখন তিনি মক্কায় এসে হজের তাওয়াফ সম্পন্ন করবেন তখন তার হজ পূর্ণ হবে।) কিন্তু যদি অবস্থা এমন হয় যে, তার জন্য আবার মক্কায় আসা কষ্টসাধ্য বা মক্কায় অবস্থান করা অসম্ভব হয়, যেমন: দূর-দেশের লোক, মাহরাম সফরসঙ্গী না পাওয়ার ভয় থাকে তাহলে তিনি উম্মতের বিজ্ঞ আলেমদের মতে, হায়েয বা নেফাসের স্থানে কাপড় বেঁধে তাওয়াফ করে ফেলবেন। অথবা যদি এমন কোনো ইঞ্জেকশন পাওয়া যায়, যার মাধ্যমে তার রক্ত বন্ধ করা সম্ভব হয়, তাহলে সেটাও গ্রহণ করতে পারেন।

৭. হজ করনেওয়ালা নারীদের জন্য হায়েয বন্ধ করার জন্য ওষুধ গ্রহণ করা জায়েয আছে। কেননা এতে তার জন্য প্রভূত কল্যাণ ও সমস্যা থেকে উত্তরণের উপায় রয়েছে। তবে কোনো ক্ষতিকর কিছু করা যাবে না।

৮. হায়েয বা নেফাসওয়ালী নারী সায়ী করার স্থানে বসে কারও জন্য অপেক্ষা করতে পারবে, এতে কোনো দোষ নেই। কারণ, সায়ী করার স্থানটি মসজিদুল হারামের বাইরের অংশ।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী ২/৫২৮ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে কাসেমীয়া ১/৩৪৬ পৃষ্ঠা।

৩. আল-ফিকহুল ইসলামী ১/৫৩৬ পৃষ্ঠা।

৪. আদ-দুররুল মুখতার ১/২১৩ পৃষ্ঠা।

৫. বেহেশতী জেওর ১/১৩৭ পৃষ্ঠা।

৬. ফাতহুল কাদীর ১/১৪৮ পৃষ্ঠা।

৭. আল-হিদায়া ১/৬৪ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button