সালাত/নামায

১০৫. মহিলাদের জামাতে নামায আদায় করা সম্পর্কে

☞ প্রশ্ন

জনাব মুফতি সাহেব দা:বা:!

বর্তমান যুগে বিভিন্ন মসজিদে দেখা যায় মহিলারা পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করে এবং তারাবীর নামাযও জামাতে আদায় করে এবং বিভিন্ন ঈদগাহে ঈদের নামাযও জামাতে আদায় করে, এমনকি জানাযার নামাযও জামাতে আদায় করে। জানার বিষয় হচ্ছে, মহিলাদের জন্য জামাতের সাথে নামায আদায় করা জায়েয আছে কি না? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ থাকবো!

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

জামাতে নামায, জুমুয়ার নামায, ঈদের নামায, জানাযার নামায মহিলাদের জন্য ওয়াজিব নয়। তারপরেও কোনো মহিলা যদি উক্ত নামাযসমূহ আদায় করে, তাহলে মাকরূহে তাহরীমী হবে। আর যে কোনো নামাযের জামাতে মহিলাদের অংশগ্রহণ করা মাকরূহে তাহরীমী। বরং মহিলাদের জন্য নামায আদায় করার সর্বোত্তম স্থান হলো গোপন অন্দরমহল।

যেমন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: মহিলাদের জন্য ঘরে নামায আদায় করা বারান্দায় নামায আদায় করার চেয়ে উত্তম এবং ঘরের অন্দরমহলে নামায আদায় করা ঘরের সাধারণ অংশে নামায আদায় করার চেয়ে উত্তম। হাদীসে আরও বর্ণিত আছে: মহিলাদের জামাতে নামায আদায় করার চেয়ে একাকী নামায আদায় করায় ২৫ গুণ বেশি সাওয়াব রয়েছে।

সুতরাং, মহিলাদের মসজিদে জামাতে নামায আদায় করা ফ্যাশন ছাড়া আর কিছুই নয়। কারণ, অধিক সাওয়াবই যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে তো মসজিদের তুলনায় ঘরে অন্দরমহলে নামায আদায় করাই বেশি সাওয়াবের কাজ। তাহলে মসজিদে কেন যাবে অল্প সাওয়াব অর্জন করতে? অতএব, জামাতে নামায আদায় করা মহিলাদের জন্য বর্জন করা উচিত।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ১ম খণ্ড, ৪১৮ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড, ৮৯ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে উসমানী, ২য় খণ্ড, ২৩৪ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে জামেয়া, ১ম খণ্ড, ১৪৬ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে রহমানিয়া, ১ম খণ্ড, ৩৭৩ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে রহিমিয়া, ১ম খণ্ড, ১৭১ পৃষ্ঠা।

৭. রদ্দুল মুহতার, ১ম খণ্ড, ৪১৮ পৃষ্ঠা।

৮. আবু দাউদ শরীফ, ১ম খণ্ড, ৪ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button