জায়েয-নাজায়েয

২২৩. নবজাতক শিশুর কপালে তিলক বা ফোটা দেওয়া সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর মুফতি তাহমীদ সাহেব, ফতোয়ায়ে তাহমীদ কর্তৃপক্ষ!

আমি মনোজগত বিশেষজ্ঞ, আমরা মোটামুটি সবাই জানি যে, প্রতিটি রঙের আলাদা আলাদা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে (যা নিউটন প্রিজম দিয়ে আরও আগেই আবিষ্কার করেছেন!) রং দিয়ে অনেকে অনেক শিল্পকর্ম ফুটিয়ে তোলে, এটাও আমরা জানি। কিন্তু আমরা কি জানি, রং আমাদের মন-মানসিকতার ওপর প্রভাবও বিস্তার করে? এটা আসলেই সত্য। এ নিয়ে অনেক মোটা-মোটা বইও রচনা করা হয়েছে! এই রঙের মাধ্যমে আবার চিকিৎসাও করা হয়, একে ক্রোমাথেরাপি বলে! যেমন: লাল রংকে বলা হয় অ্যাকশনধর্মী রং। আবার নীল রং পুরোপুরি এর অপোজিট! এমনিভাবে কালো রঙের বৈশিষ্ট্য হলো, এটা যেহেতু অন্য সব রংকে হরণ করে, কাজেই এটাকে মানসিক দিক থেকে প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়! অর্থাৎ এই রং আমাদের মনোজগতে একটা প্রতিরক্ষার দেয়াল তৈরি করে! আর তার উপর ভিত্তি করেই ছোট শিশুদের কপালে কালো রঙের ফোটা বা টিপ দেওয়া হয়। এবং বিশ্বাস করা হয়, এই কালো রং সকল প্রকার কু-নজর ও কু-দৃষ্টি থেকে বাচ্চাকে রক্ষা করবে! শরীয়তের দৃষ্টিতে তা কতটুকু যুক্তিসংগত? অর্থাৎ শরীয়ত তাকে কোন দৃষ্টিতে দেখে? তা জায়েয আছে কিনা? মহোদয় মুফতি সাহেবের কাছে সঠিক সমাধান কামনা করছি!

প্রশ্নকারী: ডঃ জান্নাতুল ফেরদৌস মুন্নি, মহাগুরু, মনোজগত বিশেষজ্ঞ, কলকাতা, ইন্ডিয়া।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি রীতি হলো, শিশুদেরকে জিন ও ইনসানের বদ নজর থেকে রক্ষা করার জন্য তার কপালে কালো টিপ দেওয়া হয়। বিশেষ করে নবজাতক শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় এ দৃশ্য প্রায়ই দৃষ্টিগোচর হয়।

অথচ, বদ নজর থেকে হেফাজতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেওয়াকে ইসলাম সমর্থন করে না। ইসলাম মনে করে, এর ফলে বদ নজর রোধ হয় না। বরং শিশুকে বদ নজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য আমাদের করণীয় সম্পর্কে ইসলাম দিক-নির্দেশনা দিয়েছে।

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হাসান ও হুসাইন রাযিয়াল্লাহু আনহুমার জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় কামনা করতেন:

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

অর্থাৎ: সকল শয়তান, কীটপতঙ্গ ও বদ নজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয়ে দিচ্ছি। (বুখারী ৩৩৭১)

সুতরাং, শিশুকে বদ নজর, কু-দৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করার জন্য এই দোয়াটি পড়ে ফুঁক দেওয়া যেতে পারে।

অন্য হাদীসে এসেছে, হযরত জিবরাঈল আলাইহিস সালাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দোয়াটি পাঠ করে ঝাড়তেন।

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ

অর্থাৎ: আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি প্রতিটি এমন জিনিস হতে, যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে, ও হিংসুকের বদ নজর হতে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন! আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি। (মুসলিম ৫৫১১)

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন: যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা নিম্নের দুআটি তিনবার করে পাঠ করবে, তাহলে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না।

أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

অর্থাৎ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি! (মুসলিম ২৭০৯, তিরমিযী)

হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেহ সকাল-সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করে, এটা তার জন্য সর্ব বিষয়ে যথেষ্ট হবে। অর্থাৎ সে, সকল প্রকার কু-দৃষ্টি, বদ নজর, বালা-মুসীবত ইত্যাদি থেকে নিরাপদ থাকবে।

অতএব, প্রত্যেক মায়ের উচিত প্রতিদিন সকাল-সন্ধ্যায় এই সূরাগুলো তিনবার করে পাঠ করে, তার নবজাতক শিশুর শরীরে ফুঁক দেওয়া। এর দ্বারা সে, জিন-ইনসানসহ সকল সৃষ্টির অনিষ্ট হতে হেফাজতে থাকবে। (মিশকাত)

পাশাপাশি আয়াতুল কুরসি, চার কুল ও হাদীসের অন্যান্য দোয়াও এক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে।

সুতরাং শিশুকে বদ নজর ইত্যাদি থেকে রোধ করার জন্য তার কপালে তিলক দেওয়া একটি নিছক কুসংস্কার ছাড়া কিছু নয়। অতএব, একজন মুসলিম হিসেবে এজাতীয় কুসংস্কার পরিহার করা উচিত।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. তাফসীরে ইবনে কাসীর ৩০/৩৩৩ পৃষ্ঠা।

২. বুখারী শরীফ ৩৩৭১, ৫৩৫৩, ৫৩৫৪, ৫৩৫৫ নং হাদীস।

৩. মুসলিম শরীফ ২৭০৯, ৫৫১১, ৫৫১২, ৫৫৩৪ নং হাদীস।

৪. তিরমিযী শরীফ ২/৯৯ পৃষ্ঠা।

৫. মিশকাত শরীফ ১৮৮ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে শামী ৬/৩৬৪ পৃষ্ঠা।

৭. ফতোয়ায়ে মাহমুদিয়া ১৭/২৯৪ পৃষ্ঠা।

৮. ফতোয়ায়ে কাসেমীয়া ১/৫৫৫ পৃষ্ঠা।

৯. জামেউল ফতোয়া ৯/২৭৩ পৃষ্ঠা।

১০. আমালে কুরআনী ১০০ পৃষ্ঠা।

১১. ফাতহুল মুলহীম ৪/৩৩৪ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button