☞ প্রশ্ন
হযরত, আপনার নিকট একটি মাসআলা জানার ছিল। তা হলো, এক বোন নিজের জন্য কিছু অলংকার ক্রয় করেছে, এবং পূর্বেরও কিছু অলংকার ছিল। সবগুলো মিলে যে পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত দেওয়া আবশ্যক হয়, তার থেকেও বেশি স্বর্ণ তার কাছে রয়েছে। সাথে সাথে নিজের নাবালিকা কন্যার জন্যও সে অলংকার ক্রয় করেছে। এখন আমার জানার বিষয় হলো, ঐ নাবালিকা মেয়ের যে অলংকার রয়েছে সেগুলোও কি মায়ের নিসাবের মধ্যে গণ্য করা হবে, নাকি তার মালিক তার মেয়ে হবে? অর্থাৎ এই অলংকারগুলোর মালিক কে হবে? এবং এই অলংকারগুলোর যাকাত আদায় করতে হবে কিনা? দালায়েলসহ জানানোর জন্য স্ববিনয় অনুরোধ করছি।
প্রশ্নকারী: হাফেজ মুহাম্মাদ শাহ আলম, লাকসাম, চট্টগ্রাম, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
অলংকারগুলো যেহেতু মেয়ের জন্য ক্রয় করেছে, তাই উক্ত অলংকারগুলোর মালিক মেয়েই হবে। অতএব মেয়ের অলংকারগুলো মায়ের নিসাবের মধ্যে গণ্য হবে না। আর নাবালেগ সন্তান-সন্ততি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর যাকাত ফরয হয় না। সুতরাং উক্ত অলংকারগুলো নাবালেগ মেয়ের মালিকানায় থাকার কারণে সে অলংকারগুলোর যাকাত আদায় করতে হবে না।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ২/৮২ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে আলমগীরী, ২/২১৫ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে কাযীখান, ১/২৫৭ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে কাসেমীয়া, ২৭৩ পৃষ্ঠা।
৫. বাদায়েউস সানায়ে, ২/৮২ পৃষ্ঠা।
৬. ফাতহুল কাদীর, ২/১১৫ পৃষ্ঠা।
৭. দুররুল মুখতার, ২/২৫৯ পৃষ্ঠা।
৮. বাহরুর রায়িক, ২/২০২ পৃষ্ঠা।