ঈমান আকিদা

২২০. আল্লাহকে খোদা বলা সম্পর্কে

☞ প্রশ্ন

মুহতারাম ওয়া মুকাররম, মুফতি তাহমীদ শামী সাহেব! ফতোয়ায়ে তাহমীদ কর্তৃপক্ষ।

অনলাইনে এত সুন্দর একটি ফতোয়ার পেইজ রয়েছে, যা সত্যিই প্রশংসনীয়!

বিগত কয়েক বৎসর যাবত আমি লক্ষ করছি যে, ইসলামের অত্যন্ত কঠিন ও জটিল বিষয়গুলোর অত্যন্ত আসান সমাধান আলেম সমাজ এ পেইজের মাধ্যমে পাচ্ছেন। যা দেখে সত্যিই আমি মুগ্ধ।

তাই মহোদয়কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন! যাই হোক,

হযরত! আমি এক মাদরাসার অধ্যক্ষ।

আপনার কাছে আমার জানার বিষয় হলো যে, আমাদের দেশের কথিত আহলে হাদীসের কিছু লোক বলেন যে, আল্লাহকে খোদা বলা যাবে না বা খোদা হাফেজ বলা যাবে না। বরং আল্লাহ বলতে হবে বা আল্লাহ হাফেজ বলতে হবে। আল্লাহকে খোদা বলা নাজায়েয, হারাম বা শিরক। বিষয়টি সঠিক কিনা?

হাওয়ালাসহ সমাধান দিলে অধম আমরণ কৃতজ্ঞ থাকবে!

জাযাকাল্লাহু খাইরান ফিদ-দুনইয়া ওয়াল আখিরাহ!

প্রশ্নকারী: মুফতি আবদুল মান্নান হাবীবী, খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মাঝে মধ্যে নতুন নতুন চিন্তা ও মতবাদ সমাজে বিস্তার লাভ করে। সবগুলো যে খারাপ তা নয়। কিছু চিন্তা ভালোও হতে পারে। আবার অনেক চিন্তাই খারাপ। যেমন আমাদের দেশের কথিত আহলে হাদীস বন্ধুরা প্রচার করে বেড়াচ্ছেন যে, আল্লাহকে খোদা বলা জায়েয নয়। অতি উৎসাহী অনেকে শিরক বলেও আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করছে না।

অথচ আরব-আজমসহ সব মুহাক্কিক আলেমগণের মতে আল্লাহকে খোদা বলা জায়েয আছে। কারণ আল্লাহ শব্দের সমার্থবোধক শব্দ (ফার্সী ভাষায়) খোদা। আসলে কুরআন-সুন্নাহর পূর্ণ জ্ঞান ও বোঝার শক্তি না থাকলে, ফিকহ ও উসূলে ফিকহ এবং মুজতাহিদ ইমামদের গবেষণাপত্রগুলো আত্মস্থ না হলে এসব বিভ্রান্তি দেখা দেওয়া অমূলক কিছু নয়। শরীয়তের মৌলিক মেজাজ না বুঝলে পদে পদে সমস্যা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যা স্পষ্ট হাদীসে উল্লেখ আছে। এগুলো ছাড়াও আরও কিছু নাম রয়েছে। সেগুলো দ্বারাও তাকে ডাকা যায়। এগুলো তো আরবি নাম। আরবি ছাড়াও পৃথিবীর যে কোনো ভাষায় আল্লাহকে বোঝানোর জন্যে যে নাম প্রচলিত তা দিয়ে তাকে ডাকতে কোনো সমস্যা নেই। যদি ফার্সী খোদা বলা নাজায়েয হয় তাহলে বাংলায় সৃষ্টিকর্তা, প্রভু ইত্যাদি বলা কী হবে?

শত শত বছর ধরে ফার্সী ভাষায় পণ্ডিত ফুকাহায়ে কেরাম ও মুসলিম মিল্লাত আল্লাহকে খোদা বলে সম্বোধন করে আসছেন, কোনো সমস্যা হয়নি, আজ কেন এত সমস্যা? আরবির পর ফার্সী ভাষাই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। বিখ্যাত অনেক ইমাম ফার্সীভাষী ছিলেন। তবে হ্যাঁ, যদি এভাবে বলা হয় যে, খোদার চেয়ে আল্লাহ বলা উত্তম, তাহলে কিছুটা মেনে নেওয়া যায়। যৌক্তিক হতে পারে।

তদ্রূপ নামায ও সালাত। ফার্সী ভাষার অনেক পরিভাষা আমাদের দেশে প্রচলিত। তাই শরীয়তের অনেক পরিভাষাই ফার্সীতে প্রচলিত। সেগুলো ফার্সীতে বলতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা খোদা বলতে দ্বিধাবোধ করে, তাদেরকেও শুনেছি রোযা ও পর্দা বলতে। তারা কেন সালাত, সাওম ও হিজাব বলেন না? হিজাব বললে আমাদের সমাজে মাথার ওড়না/কাপড় বোঝাবে। পর্দা বুঝবে না। পর্দা বোঝাতে হলে পর্দা শব্দটিই ব্যবহার করতে হবে। হিজাব দ্বারা পর্দা বোঝানো কিছুটা হলেও অসম্ভব হবে। কেউ বুঝবে না। বাধ্য হয়ে পর্দাই ব্যবহার করতে হবে। আসলে, কোনো কথা বলার আগে ভেবেচিন্তে তাহকীক করে বলা উচিত। শুনলাম আর বলে দিলাম, এটা অনুচিত। হ্যাঁ, স্বীকার করি, যথাসম্ভব আরবি পরিভাষা ব্যবহার করা শ্রেয়।

তাই বলে অন্য ভাষায় পরিভাষার ব্যবহার নিষিদ্ধ হবে এটা সঠিক নয়! উরফ বা পরিভাষার সংজ্ঞা ও ব্যবহারবিধি না জানার কারণেই এমন কথা বলে বেড়ায় বলে আমার বিশ্বাস।

আর খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলাটা উত্তম। কিন্তু নাজায়েয বা বিদআত নয়। যারা খোদা বলাকে বিদআত বা নাজায়েয বলেন, তাদের বক্তব্যটি বিশুদ্ধ নয়।

কারণ ফিকহের কিতাবসমূহে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তাআলাকে অন্য ভাষায় এমন শব্দে ডাকা জায়েয, যে শব্দে আর কাউকে ডাকা হয় না। সেই সাথে এটা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো নামও নয়। এই মূলনীতির আলোকে খোদা শব্দটি আল্লাহ তাআলার নাম হিসেবে বাংলা, উর্দু, হিন্দিতে অনুবাদ হিসেবে বলাতে কোনো সমস্যা নেই। কারণ খোদা শব্দটি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় শব্দ নয়। সেই সাথে এর দ্বারা আমরা কেবল আল্লাহকেই বুঝে থাকি। অন্য কোনো সত্তাকে বুঝি না। পক্ষান্তরে বিষ্ণু অর্থ রব, এবং ব্রাহ্মণ অর্থ সৃষ্টিকর্তা হলেও এটা ইসলামি কোনো শব্দ নয়। সেই সাথে এ শব্দ দুটি হিন্দুদের ধর্মীয় প্রতীক। তাই এ শব্দে আল্লাহকে ডাকা জায়েয নয়। পক্ষান্তরে খোদা শব্দটি। এটা নিরেট ইসলামি শব্দ। এর দ্বারা অন্য কোনো ধর্মকে বোঝায় না। বোঝায় না আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকেও। তাই খোদা বলে আল্লাহকে বোঝাতে কোনো সমস্যা নেই।

যারা আল্লাহকে খোদা বলা নাজায়েয বলেন, তাদের দলীল হলো- আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। নেই আল্লাহ সত্তারও কোনো বহুবচন। অথচ খোদা শব্দটির বহুবচন হলো খোদাওন্দ। তাই খোদা বলার মাধ্যমে আল্লাহ তাআলাকে বহুবচন সাব্যস্ত করা হচ্ছে। তাই আল্লাহ শব্দের অনুবাদ খোদা শব্দ দিয়ে করা জায়েয নয়। এ যুক্তিটিও একটি অগ্রহণীয় যুক্তি। কারণ যদি তাই হয়, তাহলে রব শব্দ দিয়ে আল্লাহকে ডাকা জায়েয হবে না। কারণ “রব” শব্দের বহুবচন “আরবাব” আছে। আল্লাহ তায়ালাকে রহীম শব্দেও ডাকা জায়েয হবে না। কারণ রহীম শব্দের বহুবচন “রুহামা” আছে, তেমনি আল্লাহ তায়ালাকে ইলাহ নামেও ডাকা জায়েয হবে না। কারণ “ইলাহ” এর বহুবচন “আলিহাহ” আছে। এসমস্ত কথা বলা যেমন বোকামিসুলভ। তেমনি খোদা শব্দের বহুবচন খোদাওন্দ হওয়ায় তা আল্লাহ শব্দের অনুবাদ হিসেবে হারাম বা শিরক হওয়ার ফতওয়া দেওয়া নিতান্ত বোকামি ছাড়া কিছু নয়!

অতএব উপরোক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হলো যে, আল্লাহকে খোদা নামে ডাকা যাবে বা খোদা হাফেজও বলা যাবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে আলমগীরী ৬/৪৪৬ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে কাবিরী ৬/৫৬৮ পৃষ্ঠা।

৩. আল-জান্নাতুদ দায়িমা ৩/১৬৭ পৃষ্ঠা।

৪. আল-ইয়াওয়াক্বীত-জাওয়াহীর ৭৮ পৃষ্ঠা।

৫. ফাতহুল কাদীর ৫/৭৬ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button