বিবাহ শাদি

২১৬. শ্বশুর-শাশুড়ীকে আব্বা-আম্মা বলা সম্পর্কে

☞ প্রশ্ন

মুহতারাম মুফতি সাহেব!

আমার জানার বিষয় হলো, শ্বশুর-শাশুড়ীকে আব্বা-আম্মা বলা যাবে কিনা? যদি বলা যায়, তাহলে

হাদীসে আছে,

“যে ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে, সে ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ।”

এই হাদীসের ব্যাখ্যা কী হবে?

হাওয়ালাসহ সমাধান দিলে কৃতজ্ঞ হবো!

আপনার তাহকীকপূর্ণ তথ্যবহুল সমাধানগুলো প্রতিনিয়ত আমাকে অবাক করে। আল্লাহ আপনাকে আপনার খিদমাতসহ কবুল করুন!

প্রশ্নকারী: আলেমা রেজওয়ানা ইসলাম সাদিয়া, জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, ঢাকা, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

কোনো সম্মানিত ব্যক্তিকে বা শ্বশুর-শাশুড়ীকে ‘আব্বা-আম্মা’ বলে সম্বোধন করায় কোনো দোষ নেই। যেমন দোষ নেই নিজের ছেলে ছাড়া অন্য কোনো স্নেহভাজনকে ‘বেটা’ বলে সম্বোধন করা। এ সম্বোধনের উদ্দেশ্য থাকে পিতার মতো শ্রদ্ধা এবং পুত্রের মতো স্নেহ প্রকাশ। পিতৃতুল্যকে ‘পিতা’ বলা এবং পুত্রতুল্যকে ‘বেটা’ বলা, তদনুরূপ মাতৃতুল্যকে ‘মাতা’ বা ‘মা’ বলা এবং কন্যাতুল্যকে ‘বেটি’ বলায় কোনো বংশীয় সম্বন্ধ উদ্দেশ্য থাকে না। যেমন

আল-কুরআনে জন্মদাত্রী মা ছাড়া অন্য মহিলাকে ‘মা’ বলার কথা এসেছে। মহানবী (সঃ) এর স্ত্রীদেরকে মুমিনদের মা বলা হয়েছে।

النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم

হে নবী! বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষাও অধিক প্রিয় এবং নবীর স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। (আহযাব ৬)

অতঃপর তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলো, তখন সে তার পিতা-মাতাকে নিজের কাছে স্থান দান করল এবং বলল, ‘আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন।’ অতঃপর তিনি তার পিতা-মাতাকে সিংহাসনে বসালেন। (ইউসুফ ৯৯, ১০০)

উক্ত আয়াতে হযরত ইউসুফ (আঃ) এর পিতা-মাতা বলে তার পিতা ও খালাকে বোঝানো হয়েছে। কারণ তার মায়ের ইন্তিকাল পূর্বেই হয়ে গিয়েছিল।

নিজ জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলার কথাও আল-কুরআনে এসেছে। আল্লাহ তায়ালা বলেছেন:

“ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন নিজ পুত্রগণকে জিজ্ঞাসা করেছিল, ‘আমার (মৃত্যুর) পর তোমরা কিসের উপাসনা করবে?’ তারা তখন বলেছিল, ‘আমরা আপনার উপাস্য ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের সেই অদ্বিতীয় উপাস্যের উপাসনা করব। আর আমরা তার কাছে আত্মসমর্পণকারী।” (বাকারাহ ১৩৩)

এখানে পিতৃব্য, পিতামহ-প্রপিতামহকেও ‘পিতা’ বলেই আখ্যায়িত করা হয়েছে। আর মূলত হযরত ইসমাইল (আঃ) ইয়াকুব (আঃ) এর চাচা ছিলেন।

আল্লাহ তায়ালা বলেন,

“তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা আরোপ করেননি, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত (ধর্মাদর্শ), তিনি পূর্বেই তোমাদের নামকরণ করেছেন ‘মুসলিম’ এবং এই গ্রন্থেও, যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানবজাতির জন্য। সুতরাং তোমরা নামায কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে অবলম্বন করো। তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি!” (হাজ্ব ৭৮)

এখানে হযরত ইব্রাহীম (আঃ) কে মুসলিমদের ‘পিতা’ বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু তিনি উম্মাহর নিকট পিতৃতুল্য। যেমন আমাদের নবী (সঃ) ও বলেছেন: “আমি তো তোমাদের পিতৃতুল্য, তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি…।” (আবু দাউদ)

সুতরাং তিনি আমাদের পিতৃতুল্য। তবে তিনি কারো পিতা নন অর্থাৎ জনক নন। মহান আল্লাহ বলেছেন:

“মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।” (আহযাব ৪০)

যেমন তার স্ত্রীগণ তোমাদের জননী না হয়েও ‘তোমাদের মাতা’। অনুরূপ তিনি তোমাদের জনক না হয়েও সম্মানে তোমাদের ‘পিতা’।

“নবী বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষাও অধিক প্রিয় এবং তাদের স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। আর সে তাদের পিতা স্বরূপ।” (আহযাব ৬)

হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত, তাকে মহানবী (সঃ) বেটা বলে সম্বোধন করতেন। (মুসলিম ২১৫১)

ইমাম নববী রহ. স্নেহাস্পদদেরকে বেটা বলে সম্বোধন করা মুস্তাহাব বলেছেন।

মোটকথা, পরস্পরের সম্বোধনে এই শ্রেণির শ্রদ্ধা ও স্নেহসূচক শব্দ ব্যবহার করায় শরীয়তে কোনো দোষ নেই।

পক্ষান্তরে হাদিসে এসেছে, হযরত রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “সবচেয়ে বড় মিথ্যারোপ হলো সেই ব্যক্তির কাজ, যে অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে অথবা তার চক্ষুকে তা দেখায়, যা সে (বাস্তবে) দেখেনি। (অর্থাৎ স্বপ্ন দেখার মিথ্যা দাবি করে) অথবা আল্লাহর রাসুল (সঃ) যা বলেননি, তা তার প্রতি মিথ্যাভাবে আরোপ করে।” (বুখারী)

“যে ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা বলে, অথচ সে জানে যে, সে তার পিতা নয়, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম।” (বুখারী ৬৭৬৬, ৬৭৬৭, মুসলিম ৬৩)

“যে ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ তার সুগন্ধ ৫০০ বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে।” (আহমাদ ২/১৭১, ইবনে মাজাহ ২৬১১)

“যে ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে অথবা তার (স্বাধীনকারী) প্রভু ছাড়া অন্য প্রভুর প্রতি সম্বন্ধ জুড়ে, সে ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ।” (আবু দাউদ, সহীহুল জামী ৫৯৮৭)

এ সবের অর্থ সম্বোধনে পিতা বলা নয়!

বরং এ সবের অর্থ হলো, নিজের পিতাকে অস্বীকার করা এবং কোনো স্বার্থে অন্য কোনো পুরুষকে নিজের পিতা বলে দাবি করা। নিজের বংশকে অস্বীকার করে অন্য বংশের সূত্র জুড়ে নেওয়া।

এজন্য হাদিসে এসেছে, নবী কারীম (সঃ) বলেছেন, “অজ্ঞাত বংশের সম্বন্ধ দাবি করা অথবা ছোট বা নিচু হলে তা অস্বীকার করা মানুষের জন্য কুফরি।” (আহমাদ, সহীহুল জামী ৪৪৮৬)

আর হাদীসে অন্যকে পিতা-মাতা বলে সম্বোধন করতে যে নিষেধ করা হয়েছে, তার অর্থ হলো বংশপরিচয় প্রকাশ করার ক্ষেত্রে। আসল পরিচয় গোপন রেখে নিজের পিতার নাম উল্লেখ না করে অন্যের নাম প্রকাশ করা। যেমন, আইডি কার্ড, পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এমন কোনো দলীল বা স্থান যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা পিতার নাম প্রকাশ করা জরুরি হয়, সেসব ক্ষেত্রে অন্যের নাম ব্যবহার করা। সুতরাং শ্বশুর-শাশুড়ীকে আব্বা-আম্মা বলা নিষেধ হবে না। কেননা, স্বামী বা স্ত্রীর পিতা-মাতাকে সম্মানার্থে আব্বা-আম্মা বলে সম্বোধন করা হয়, এর দ্বারা বংশপরিচয় গোপন হয় না। তাই শ্বশুর-শাশুড়ীকে আব্বা-আম্মা বলে ডাকা জায়েয হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. সূরা আল-বাকারা ১৩৩ নং আয়াত।

২. সূরা ইউসূফ ৯৯, ১০০ নং আয়াত।

৩. সূরা আল-হাজ্ব ৭৮ নং আয়াত।

৪. সূরা আল-আহযাব ৬, ৪০ নং আয়াত।

৫. আহকামুল কুরআন ৩/৩৫৪ পৃষ্ঠা।

৬. তাফসীরে ইবনে কাসীর ৬/৩৮১ পৃষ্ঠা।

৭. তাফসীরে রূহুল মাআনী ৯/২১০ পৃষ্ঠা।

৮. তাফসীরে কুরতুবী ১২/৬৭ পৃষ্ঠা।

৯. ফাতহুল কাদীর ৪/৩৭২ পৃষ্ঠা।

১০. উমদাতুল কারী ১৬/৭৯ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button