তাফসীরুল কুরআন

হাশরের ময়দানে মানুষের অবস্থা

মুফতী তাহমীদ শামী

দুনিয়ার এই জীবন চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই কঠিন দিনটিই হলো কিয়ামত বা হাশরের দিন। সেদিন মানুষের জীবনের প্রতিটি ছোট ও বড় কাজের হিসাব নেওয়া হবে। আমাদের দৈনন্দিন ব্যস্ততার মাঝে এই দিনটিকে বারবার স্মরণ করা খুব জরুরি। কারণ কিয়ামতের কথা মনে রাখলে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। এতে পাপের পথ থেকে ফিরে আসা সহজ হয় এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ কমে যায়।

হাশরের ময়দানের সেই ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনে বলেন,

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ

وَأُمِّهِ وَأَبِيهِ

وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ

ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

تَرْهَقُهَا قَتَرَةٌ

أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

অর্থ: সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মাতা থেকে, তার পিতা থেকে, তার পত্নী থেকে ও তার সন্তান থেকে। সেদিন প্রত্যেকেরই এমন গুরুতর অবস্থা হবে, যা তাকে সম্পূর্ণরূপে ব্যতিব্যস্ত করে রাখবে। সেদিন অনেক মুখমন্ডল হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল। আর অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি-ধূসরিত, কালিমা আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফের, পাপাচারী।

এই আয়াতগুলোতে হাশরের ময়দানের এক হৃদয়স্পর্শী চিত্র ফুটে উঠেছে। দুনিয়াতে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না, সেদিন সেই ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকেও মানুষ পালিয়ে বেড়াবে। কারণ সেদিন প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে, অন্যের দিকে তাকানোর সুযোগই থাকবে না।

সেদিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দলের মুখমণ্ডল হবে অত্যন্ত উজ্জ্বল, হাস্যোজ্জ্বল ও আনন্দে ভরপুর। এরা হলো সেই সৌভাগ্যবান মুমিন বান্দারা, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে এবং সৎ পথে থেকেছে। তাদের মুখের এই উজ্জ্বলতা হবে তাদের ঈমান ও নেক আমলের প্রতিফলন। অপর দলের মুখমণ্ডল হবে ধূলিধূসরিত ও কালিমায় আচ্ছন্ন। এরা হলো কাফের ও পাপাচারী। দুনিয়াতে তারা আল্লাহর বিধানকে অমান্য করেছে এবং পাপের পথে চলেছে। তাই সেদিন লজ্জা, ভয় ও আফসোসে তাদের মুখমণ্ডল অন্ধকার হয়ে যাবে।

তাই বুদ্ধিমানের কাজ হলো, সময় থাকতে সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা যদি সেদিন উজ্জ্বল ও হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে চাই, তবে আজ থেকেই আমাদের জীবনকে বদলাতে হবে। আমাদেরকে নিয়মিত নামাজ পড়তে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে এবং মানুষের হক আদায় করতে হবে। নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। কারণ তওবার দরজা এখনো খোলা আছে। হাশরের ময়দানে গিয়ে আফসোস করলে আর কোনো লাভ হবে না। তাই দুনিয়ার এই জীবনকে আখেরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে ব্যবহার করাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা।

(সূরা আবাসা: আয়াত ৩৪-৪২)

s

Leave a Reply

Back to top button