মৃত্যু/কবর

২১৭. মৃত শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করা সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব দা.বা.

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ফাতাওয়ায়ে তাহমীদের নিয়মিত পাঠক। আমি একটি বিষয় আমলের নিয়তে জানতে চাই যে, আমরা মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করে থাকি। কিন্তু সেদিন একজন লোক বলল যে, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়া বিদআত। এখন আমার জানার বিষয় হলো, ওই ব্যক্তির কথা সঠিক হলো কিনা? হাওলাসহ জানালে উপকৃত হবো।

প্রশ্নকারী: মোহাম্মদ আব্দুল মালিক রফিক, জামাতে ফাযীলত, জামেয়া কাসিমুল উলুম বাহুবল, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করা স্বয়ং হাদীস দ্বারা প্রমাণিত। মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। এ সময় মানুষের জ্ঞান-বুদ্ধি ঠিক থাকে না।

অপর দিকে শয়তান তার ঈমান-আমল হরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে। তাই এ মুহূর্তে তার ঈমান-আমল রক্ষা করার জন্য হাদীস শরীফে দুটি কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

১। কালিমার তালকীন করা।

২। সূরা ইয়াসিন পাঠ করা।

যেমন হাদীস শরীফ বর্ণিত হয়েছে,

হযরত আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীকে (মৃত্যুর পূর্ব মুহূর্তে) কালিমার তালকীন দান করো। কেননা মৃত্যুর সময় যার শেষ কথা হবে “লা-ইলাহা ইল্লাল্লাহ” সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম ২১৬২)

হযরত মায়াকিল ইবনে ইয়াসার রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন: তোমরা তোমাদের মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করো! এতে তার মৃত্যুযন্ত্রণা হ্রাস পাবে। (আবু দাউদ ৩১২৩)

উক্ত হাদীসের দুটি ব্যাখ্যা হতে পারে

১। মুমূর্ষ রোগীর পাশে সূরা ইয়াসিন পাঠ করা। এতে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে।

২। মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য সূরা ইয়াসিন পাঠ করা। এতে তার কবরের আযাব লাঘব হবে।

কালিমার তালকীন ও সূরা ইয়াসিন পাঠ করার নিয়ম

কালিমার তালকীন ও সূরা ইয়াসিন পাঠ করার নিয়ম হলো, মুমূর্ষ রোগীর নিকট বসে মৃদুস্বরে সূরা ইয়াসিন পাঠ করবে। তারপর মৃদুস্বরে কালিমা পাঠ করতে থাকবে। তবে মুমূর্ষ রোগীকে পাঠ করতে বলবে না। যদি সে একবার কালিমা পাঠ করে তাহলে আর তালকীন করবে না। সকলেই চুপ থাকবে। কিন্তু কালিমা পড়ার পর পুনরায় দুনিয়াবী কথা বললে আবার তালকীন করতে থাকবে। অতঃপর পুনরায় কালিমা পড়লে তালকীন বন্ধ রাখবে। এভাবেই মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তালকীন অব্যাহত রাখবে। আর এটাই হলো তালকীন করার সহীহ তরীকা। কেননা উদ্দেশ্য হলো তার শেষ বাক্য কালিমা হওয়া। কালিমা বারবার পড়তে পড়তে প্রাণবায়ু বের হওয়া জরুরি নয়। সুতরাং উক্ত আলোচনা দ্বারা মুমূর্ষ ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করা ও তার গুরুত্ব প্রমাণিত হয়। অতএব, মৃত শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করাকে বিদআত বলা নিতান্তই অজ্ঞতার পরিচায়ক।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. মুসলিম শরীফ ২১৬২ নং হাদীস।

২. ইবনে হিব্বান ৩০০৪ নং হাদীস।

৩. আবু দাউদ ৩১১৮-১৯-২৩ নং হাদীস।

৪. মুসনাদে আহমাদ ২০৩১৬ নং হাদীস।

৫. ফতোয়ায়ে আলমগীরী ১/১৫৭ পৃষ্ঠা।

৬. বেহেশতী জেওর ২/২৬৪ পৃষ্ঠা।

৭. দুররে মুখতার ১/৬২৮ পৃষ্ঠা।

৮. রদ্দুল মুহতার ১/৬২৮ পৃষ্ঠা।

৯. আসান ফেকাহ ১/৩২১ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button