☞ প্রশ্ন
বরাবর, হযরত মুফতি সাহেব! বিনয়ের সহিত জানতে চাচ্ছি যে, আমরা তো জানি যে, কুরবানীর পশুর সাথে আকিকাও করা যায়। কিন্তু জানার বিষয় হলো, কুরবানীর সময় ব্যতীত অন্য যে কোনো সময় একটা পশুতে কয়েক জনের আকিকা করা যাবে কি না? যেমন আমার এক ছেলে ও এক মেয়ে আছে, আমি তাদের জন্য (কুরবানীর সময় ব্যতীত) একটি গরু দ্বারা আকিকা করতে পারব কি না? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
আকিকাহ বছরের যে কোনো দিন বা যে কোনো সময়ই করা যায়। তবে সন্তান জন্মের সপ্তম দিনে আকিকাহ করা সুন্নাত। আর একটি গরুতে কয়েকজনের আকিকাহ করাও জায়েয আছে, তা বছরের যে কোনো দিনই হোক না কেন। সুতরাং আপনি আপনার ছেলে-মেয়েদের জন্য বছরের যে কোনো দিনই একটি গরু দ্বারা আকিকাহ করতে পারবেন।
বি:দ্র: আকিকার গোস্ত যার নামে আকিকাহ করা হলো সে, এবং তার পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের সবাই খেতে পারবে।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী ৬/৩২৬ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে জামেয়া ৪/৩১০ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে মাহমুদিয়া ১৪/৩২৬ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে রহমানিয়া ১/৪৮৯ পৃষ্ঠা।
৫. মাসায়িলে আকিকাহ ১১৭ পৃষ্ঠা।
৬. মালাবুদ্ধা মিনহু ২০১ পৃষ্ঠা।