☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব! আমার বিবাহ হয় পাঁচ বৎসর হয়েছে। এ দীর্ঘ সময়ের মধ্যে ক্ষণিকের তরেও একে-অপরের মনের সাথে কোনো মিল হয়নি। এ ছাড়া সে জৈবিক চাহিদা পূরণ করতেও অক্ষম। উক্ত কারণে উভয়ের মধ্যে সর্বদাই দ্বন্দ্ব লেগে থাকে। এ অবস্থায় আমি তার থেকে পৃথক হতে চাই! আর আমাদের একটি কন্যা সন্তান আছে। সে সন্তানকে আমার কাছে রাখতে চাই! সুতরাং উক্ত বিষয়ে শরীয়তের হুকুম কি? আপনার কাছে এর সমাধান চাচ্ছি। দ্রুত সমাধান দিলে অনেক উপকৃত হবো।
প্রশ্নকারীনী: জ্যোৎস্না বিনতে আলেয়া, জলঢাকা, নীলফামারী, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
উল্লেখিত অবস্থায় স্ত্রী থেকে স্বামীর বাচ্চা হওয়ার কারণে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ করার কোনো অধিকার স্ত্রীর নেই। তবে স্বামীর সম্মতিতে হতে পারে। আর ইচ্ছে করলে স্বামী নিজেই স্ত্রীকে তালাক দিতে পারে। অথবা স্ত্রী স্বামীকে কিছু বিনিময় দিয়ে হলেও স্বামী থেকে খোলার মাধ্যমে তালাক নিতে পারবে।
আর সন্তান যদি নিজের কাজ নিজে করতে না পারে, যেমন খাওয়া-পান করা, পোশাক পরিধান করা, ইস্তেঞ্জা করা ইত্যাদি, ততদিন পর্যন্ত লালন-পালনের হকদার মা। আর এ কাজগুলো করার সময় নির্ধারণ করা হয়েছে ছেলের ক্ষেত্রে সাত বৎসর এবং মেয়ের ক্ষেত্রে নয় বৎসর।
আর আপনার কন্যা যেহেতু ছোট, তাই কন্যার বয়স নয় বৎসর হওয়া পর্যন্ত লালন-পালন করার জন্য শরীয়ত অনুযায়ী মা হকদার। তাই সন্তান মায়ের কাছেই থাকবে। বাবার নেয়ার কোনো অধিকার নেই। তবে আপনি খুশি মনে দিতে চাইলে তারও অনুমতি আছে। আর এ অবস্থায় সন্তান যার কাছেই থাকুক না কেন, তার লালন-পালনের খরচ তার বাবাকেই বহন করতে হবে। আর নয় বৎসর বয়স পার হওয়ার পর সন্তান লালন-পালনের হকদার হবে তার বাবা। তখন মায়ের কোনো অধিকার নেই সন্তানকে নেয়ার।
তবে হ্যাঁ, বাবা যদি খুশি মনে দিয়ে দেয়, তবে তারও অনুমতি আছে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. সূরা আল বাকারা, ৩৭ নং আয়াত।
২. ফতোয়ায়ে শামী, ৩/৪৪০ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে কাসেমীয়া, ৪৪৪ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে কিফায়া, ৪/৫৮ পৃষ্ঠা।
৫. আল বাহরুর রায়েক, ৪/১২৪ পৃষ্ঠা।
৬. আল হিদায়া, ১/৪৩৪ পৃষ্ঠা।