☞ প্রশ্ন
মুহতারাম, হযরত মুফতি সাহেব! আমরা একটি প্রচারপত্র নিয়ে মারাত্মক সমস্যায় আছি। প্রচারপত্রটি নিম্নে উল্লেখ করা হলো:
“একটি জরুরী সংবাদ — নিজে পড়ুন ও অন্যকে পড়ে শোনান। এটা একটা সত্য ঘটনা। মদিনা শরীফ থেকে শেখ আহমদ এই ওসীয়ত নামা লিখে পাঠিয়েছেন। তিনি জুমার রাতে কুরআন তিলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে দেখেন যে, হযরত রাসূল সা: তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে বলছেন যে, এক সপ্তাহের মধ্যে সাত হাজার লোক মারা গেছেন। একজনও ঈমানদার ছিল না। তিনি আরও বলেন, এখন খুব খারাপ সময় এসেছে, স্ত্রী স্বামীকে খেদমত করে না। মেয়েরা পর্দামতো চলে না। মা-বাবা ও গুরুজনদের সম্মান করে না। ধনী লোকেরা গরীবদের অবহেলা করে। দান-খয়রাত করে না। যাকাত দেয় না। তিনি আরও বলেন, শেখ আহমদ! তুমি দুনিয়ার লোকদেরকে বলে দাও, তারা যেন নেকী করে, নামায পড়ে, রোযা রাখে এবং দান-খয়রাত করে। কারণ কিয়ামত খুব নিকটে। অতএব, যে লোক এই ওসীয়ত নামা অন্য জনকে পড়ে শোনাবে বা ছেপে বিতরণ করবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। আর যে তা করবে না সে খোদার রহমত থেকে বঞ্চিত হবে। কোনো গরীব লোক যদি তা ছাপিয়ে বিতরণ করে, তবে সে ধনী হবে। আর যদি কেউ অবহেলা করে তা ছিঁড়ে ফেলে, তাহলে তার মৃত্যু হবে। শেখ আহমদ বলেন, এ পত্র যদি মিথ্যা হয়, আমার মৃত্যু যেন কাফেরের মতো হয়। ইত্যাদি আরও বহু কিছু লেখা রয়েছে।”
সুতরাং, উক্ত ওসীয়ত নামা সম্পর্কে শরীয়তের বিধান কী? এবং আমাদের করণীয় কী? বিস্তারিত জানালে চিরকৃতজ্ঞ হবো।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
বিগত অনেক বছর যাবত এ ধরনের পত্রের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে। অথচ বহু অনুসন্ধান করেও মক্কা-মদীনায় শেখ আহমদ নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এ ধরনের খবরের বা কথার কোনো ভিত্তি নেই। এটা একদল ভণ্ড লোক মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্ট করার জন্য হযরত রাসূল সা:-এর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা ইয়াহুদী-খ্রিষ্টানদের এজেন্ট ছাড়া আর কিছু নয়।
বিগত অনেক বছর যাবত তারা বিভিন্ন সময়ে কমবেশি করে এ ধরনের লিফলেট বা প্রচারপত্র ছেপে আসছে। অনেকে সম্পদের লোভে বা মুসীবতের ভয়ে এ লিফলেট ছাপছে বা বিতরণ করছে। এ থেকে মুসলমানদের দূরে থাকা উচিত। এ জাতীয় লিফলেট ছাপিয়ে বিতরণ করলে সওয়াব তো দূরের কথা, বরং মারাত্মক গুনাহ হবে।
কেননা হযরত রাসূল সা:-এর উপর অর্পিত দায়িত্ব তিনি তার হায়াতেই সম্পন্ন করেছেন। স্বপ্নে বলার জন্য কোনো কিছু অবশিষ্ট রাখেননি। যেমন হযরত রাসূল সা:-এর অর্পিত দায়িত্বের সমাপ্তি সম্পর্কে মহাগ্রন্থ আল-কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন: اليوم أكملت لكم دينكم — অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম।
সুতরাং রাসূল সা:-এর দ্বীন প্রচার অবশিষ্ট রয়েছে বলে মনে করা এবং উক্ত পত্র ছাপা, প্রচার করা বা বিশ্বাস করা ঈমান ধ্বংসের কারণ। অতএব তা থেকে বিরত থাকা উচিত।
আর কারও হায়াত-মউত কোনো পত্রের সাথে সম্পৃক্ত নয়। তাই উক্ত পত্র ছিঁড়ে ফেললে মৃত্যু হবে — তাও ঈমান ধ্বংসী কথা।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফিক দিন।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. আল-কুরআন — সূরাহ মায়িদা, ৩ নং আয়াত।
২. ফতোয়ায়ে রহমানিয়া ১/১১৮, ১১৯ পৃষ্ঠা।
৩. আক্বীদাতুত তাহাবী ৩১ পৃষ্ঠা।